গানে গানে উৎসব

একদিকে ঈদ, অন্যদিকে শারদীয় দুর্গাপূজা! এই দুই উৎসবের কথা মনে রেখেই বাজারে এসেছে প্রতিষ্ঠিত ও নবীন শিল্পীদের একক, দ্বৈত ও মিশ্র মিলিয়ে শ খানেক অ্যালবাম।
সংগীতা
ঈদে মোট ১৫টি অ্যালবাম প্রকাশ করার কথা জানায় সংগীতা। এর মধ্যে উল্লেখযোগ্য মমতাজের নতুন একক অ্যালবাম, ক্লোজআপ ওয়ান তারকা কিশোরের সুরে দ্বৈত গানের মিশ্র অ্যালবাম কিশোর ফিচারিং ভেরিয়াস আর্টিস্ট ডুয়েট লাভ সং। মিশ্র অ্যালবাম তালিকায় আরও ভীষণ ভালোবাসি, নজরবন্দী ও বাংলাদেশি আইডলের শিল্পীদের নিয়ে ভালোবাসি তোমাকে।
লেজার ভিশন
এবার ঈদে মোট ১৪টি অ্যালবাম নিয়ে এসেছে লেজার ভিশন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য অনুপ ভট্টাচার্যের একক অ্যালবাম আমার হারানো দিন। সুমন কল্যাণের দ্বিতীয় একক অ্যালবাম গানের ক্রীতদাস, ঝিলিকের তৃতীয় একক অ্যালবাম প্রথম প্রেম। এ ছাড়া রয়েছে চলচ্চিত্রের গানের অ্যালবাম অচেনা হৃদয়, প্রেম করব তোমার সাথে।
জি-সিরিজ ও অগ্নিবীণা
জি-সিরিজ ও অগ্নিবীণা এবার ঈদে বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এক মোড়কে চারটি সিডিতে ৬৮ গান নিয়ে আপেল মাহমুদের আপেল মাহমুদ: দ্য লিজেন্ড। এ ছাড়া রয়েছে তাহসান, তপু, মাহাদী, এলিটা ও ন্যান্সিকে নিয়ে প্রিন্স মাহমুদের মিক্সড কেয়া পাতার নৌকো, মিলন মাহমুদের একক অ্যালবাম অচেনা শহর, হাসান চৌধুরীর ভালোবাসি তো, এফ এ সুমন ফিচারিং ফোক হিটস, তানজীবের মেঘবরণ, মিক্সড অ্যালবাম ঘুমের শহরে।
জিরোনা বাংলাদেশ
এই প্রতিষ্ঠান থেকে এবার এসেছে তিনটি অ্যালবাম। এগুলো হলো কলকাতার শিল্পী অনুপম রায়ের একক বাক্যবাগীশ, রূপঙ্করের একক অ্যালবাম বেঁচে থাকার জন্যে... আর বাংলাদেশের রিংকু এবং কলকাতার সহজ মা’র দ্বৈত ভাবনগর।
দূরবীন এন্টারটেইনমেন্ট
দূরবীন এন্টারটেইনমেন্ট থেকে এসেছে দুটি অ্যালবাম। এর মধ্যে একটি নতুন কণ্ঠশিল্পী শাওনের একক অ্যালবাম গল্প। অন্যটি মিক্সড অ্যালবাম ভালোবাসার আহ্বান।
আজব রেকর্ডস
এবার ঈদে আজব রেকর্ডস একটি অ্যালবামই প্রকাশ করেছে। মিক্সড এ অ্যালবামের নাম এমনটা তো হতেই পারে। এতে গান রয়েছে আটটি। সব গানের সুর ও সংগীত করেছেন জয় শাহ্রিয়ার।