গানে গানে কালিকাকে স্মরণ
প্রয়াত লোকসংগীতশিল্পী কালিকা প্রসাদকে স্মরণ করতে ঢাকায় একটি বিশেষ আয়োজন করা হয়েছে। গানে গানে স্মরণ করা হবে দুই বাংলার প্রিয় এ শিল্পীকে।
আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ আয়োজন করা হয়েছে। বাঁশি ও দোতারার সুরে নাট্যশালার লবি থেকে অতিথিরা এই দিন প্রবেশ করবেন মিলনায়তনে। গান করবেন টুটুল বাউল, অনিমা মুক্তি গোমেজ, চন্দনা মজুমদার, আবু বকর সিদ্দিক ও গানের দল জলের গান।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কালিকার বন্ধু ভারতের পশ্চিম বাংলার শিল্পী লোপামুদ্রা মিত্র ও কালিকা প্রসাদের স্ত্রী ঋতচেতা। অন্যতম আয়োজক সংগঠক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বাচিকশিল্পী হাসান আরিফ বলেন, ঢাকার সংস্কৃতিকর্মীদের পক্ষে বক্তব্য দেবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
যৌথভাবে ‘কালিকা স্মরণানুষ্ঠান’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ফ্রেন্ডস অব বাংলাদেশ। বাংলাদেশের সংস্কৃতিকর্মীদের পক্ষে এ আয়োজনের সমন্বয় করেছেন নাসির উদ্দীন ইউসুফ।