গানে গানে গল্প শোনালেন নচিকেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মঞ্চে গাইছেন নচিকেতা l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের মঞ্চে গাইছেন নচিকেতা l ছবি: প্রথম আলো

নচিকেতার গানের মধ্যে অনেকের জীবনের কাহিনি লুকিয়ে থাকে। তাঁর গানগুলো যেন সুর করা গল্প। আর সেই গান যখন সরাসরি মঞ্চে উঠে পরিবেশন করেন, তখন তিনি আড্ডার মেজাজে থাকেন। কয়েকটি লাইন গেয়েই বাদ্যযন্ত্র থামিয়ে দর্শক–শ্রোতাদের সঙ্গে কথা বলেন। পরিবেশনার অভিনবত্বে গানের গল্পগুলো জীবন্ত হয়ে যেন ধরা দেয় শ্রোতার হৃদয়ে। তখন বহুবার শোনা গানগুলো নতুন এক মাত্রা পায়।
গত বৃহস্পতিবার রাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক চন্দন সিনহার সম্মানে চিটাগাং সিনিয়র ক্লাব আয়োজন করে একটি অনুষ্ঠানের। সে আয়োজনকেই নচিকেতা তাঁর গান-গল্প দিয়ে জমিয়ে তোলেন। নিজের পরিবেশনা শুরু করেন ‘অন্তবিহীন পথচলাই জীবন’ গানটি দিয়ে। তারপর একটি রবীন্দ্রসংগীতসহ একের পর এক গাইলেন ২০টির মতো গান।
গানের ফাঁকে নচিকেতাই উপস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মঞ্চে ডাকলেন যাঁর জন্য এ আয়োজন সেই চন্দন সিনহাকে। তাঁর সঙ্গে মঞ্চে উঠলেন গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, ক্লাবের প্রেসিডেন্ট এস এম আবু মহসিন, দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেকসহ ক্লাবের কর্মকর্তারা। তাঁরা সবাই সংক্ষিপ্ত বক্তব্যে ক্লাবের সদস্য চন্দনের জাতীয় পুরস্কার পাওয়ায় তাঁকে শুভেচ্ছা জানান। এর পাশাপাশি চন্দনের পুরস্কার প্রাপ্তির একটি তথ্যচিত্রও দেখানো হয়।
বক্তব্য পর্ব শেষে গানে ফিরে যাওয়ার আগে নচিকেতা গাইতে অনুরোধ করেন চন্দন সিনহাকেও। দুটি গান করেন চন্দন। এরপর একটানা গান করে নচিকেতা মঞ্চ থেকে বিদায় নেন। নচিকেতার পর মঞ্চে ওঠেন কলকাতার আরেক কণ্ঠশিল্পী সোমদত্ত ব্যানার্জি। তাঁর কণ্ঠেও শোনা গেল রবীন্দ্রসংগীতসহ নানা মেজাজের ও সুরের বেশ কটি গজল ও বাংলা গান। গাইতে গাইতে দর্শকসারি থেকে আসা অনুরোধের চিরকুট খুলে দেখেন আর গাইতে থাকেন। আর শ্রোতারা মধ্যরাত পর্যন্ত সুরের নেশায় বুঁদ হয়ে থাকেন।