গানে গানে পাটের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আবদুল হাদী, মমতাজ, বাচ্চু, কোনাল
সৈয়দ আবদুল হাদী, মমতাজ, বাচ্চু, কোনাল

‘বাংলার পাট, বিশ্ব মাত’—এমন স্লোগান নিয়ে রোববার শুরু হচ্ছে পাট মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে পাট নিয়ে থাকবে একটি গান। তাতে কণ্ঠ দিয়েছেন শিল্পী সৈয়দ আবদুল হাদী, মমতাজ, আইয়ুব বাচ্চু ও কোনাল।

সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে শেষ হয়েছে গানটির কণ্ঠ ধারণের কাজ। গানটির কথা লিখেছেন হাসনাত করিম পিন্টু। সুর-সংগীত ফরিদ আহমেদের।

দেশের মানুষকে পাটজাত পণ্যে ব্যবহারে উদ্বুদ্ধ করতে গানটির পরিকল্পনা করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রথম আলোকে তিনি বলেন, বাংলাদেশে পাটের বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। সরকার পাটজাত পণ্য ব্যবহারের ওপর জোর দিচ্ছে। পাট মেলা উদ্বোধনের আগে তাই এ গানের মাধ্যমে সম্ভাবনার নানা দিক তুলে ধরা হবে। শুধু গান নয়, পাট মেলা শুরুর আগে নির্মাণ করা হয়েছে একটি তথ্যচিত্র​ও।

মমতাজ বলেন, ‘সরকার পাটজাত পণ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কতটা আগ্রহী, তা এ গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো হাদী ভাইয়ের সঙ্গে গান করার সুযোগ হয়েছে আমার।’

আইয়ুব বাচ্চু বলেন, ‘দেশের সবাইকে পাটের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। পাট যে আমাদের জাতীয় সম্পদ, সে ব্যাপারটিই গানে গানে তুলে ধরা হয়েছে। সামাজিক দায়িত্ববোধের একটা জায়গা থেকে আমি কাজটির সঙ্গে যুক্ত হয়েছি। এমন একটি উদ্যোগের সঙ্গে থাকতে পেরে ভালো লেগেছে।’


জ্যেষ্ঠ শিল্পীদের সঙ্গে এমন একটি গানে কণ্ঠ দিতে পেরে ভীষণ আনন্দিত শিল্পী কোনালও।