গানে গানে বৈশাখ

পয়লা বৈশাখের বাকি আর মাত্র পাঁচ দিন। কিন্তু এখনো দেশের অডিও বাজার সেভাবে জমে ওঠেনি। গতকাল বুধবার পর্যন্ত আসেনি তেমন কোনো উল্লেখযোগ্য শিল্পীর অ্যালবাম। তবে দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে জানা গেছে, দু-এক দিনের মধ্যেই বাজারে অ্যালবাম আসার প্রক্রিয়া শুরু হবে। এবার পয়লা বৈশাখ উপলক্ষে আসছে বাপ্পা মজুমদার, অর্ণব, মিনার, শফিক তুহিনের একক অ্যালবাম। আসছে বিভিন্ন শিল্পীকে নিয়ে তৈরি মিশ্র অ্যালবাম। সঙ্গে আরও থাকছে হাবিব ওয়াহিদ, ইমরান ও কোনালের মতো শিল্পীদের গানের মিউজিক ভিডিও।
গতকাল বুধবার সন্ধ্যায় বাপ্পা মজুমদার জানান, এবার তিনি রবীন্দ্রসংগীতের অ্যালবাম করেছেন। নাম বেঁধেছি আমার প্রাণ। বললেন, ‘এর আগে কয়েকজন শিল্পীর গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবামের সংগীতায়োজন করেছি। এবার নিজেই গেয়েছি।’
অনেক দিন পর আসছে অর্ণবের অ্যালবাম। নাম খুব ডুব। আছে ১২টি গান। অর্ণব বললেন, ‘আমি যেমন গান করি, এবারও তেমনই করেছি। কিন্তু কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেই আলোচনা চূড়ান্ত হয়নি। দু-এক দিনের মধ্যে যদি সবকিছু চূড়ান্ত করতে পারি, তাহলে এই বৈশাখেই অ্যালবামটি শ্রোতাদের দিতে পারব।’
আহারে... মিনারের নতুন অ্যালবাম। আহারে... নিয়ে মিনার বললেন, ‘আমার খুব পছন্দের কিছু গান দিয়ে অ্যালবামটি করেছি।’ আহারে... অ্যালবামে গান রয়েছে আটটি। গানগুলোর সুর করেছেন মিনার নিজেই।
শফিক তুহিনের অ্যালবামের নাম আঙুলে আঙুল। নিজের নতুন অ্যালবামের গান নিয়ে দারুণ আশাবাদী তিনি।
সিঁথি সাহা রবীন্দ্রসংগীতের শিল্পী। তাঁর নতুন অ্যালবাম আধুনিক গানের। নাম মন বালিকা।
একক অ্যালবামের চেয়ে বিভিন্ন শিল্পীকে নিয়ে তৈরি মিশ্র অ্যালবামের সংখ্যাই হবে বেশি। এসব অ্যালবামে গান গেয়েছেন কনা, আরফিন রুমি, বেলাল খান, জুলি, লিমন, নওমি প্রমুখ।
পয়লা বৈশাখে আসছে শিল্পীদের গান নিয়ে মিউজিক ভিডিও। শেষ খবর পাওয়া পর্যন্ত এই শিল্পীদের মধ্যে আছেন পূজা, বেলাল খান, শফিক তুহিন, জয় শাহরিয়ার প্রমুখ।