গানে গানে ভালোবাসা দিবস

ভালোবাসা দিবসকে ঘিরে মুক্তি পায় নতুন সব চলচ্চিত্র। বিশেষ নাটক কিংবা টেলিছবি নিয়ে ব্যস্ত থাকেন অভিনয়শিল্পীরা। সংগীতশিল্পীরাও বসে থাকেন না, নতুন গান নিয়ে তাঁরাও পৌঁছে যেতে চান শ্রোতাদের কাছে। ইদানীং শুধু গান নয়, এই দিনটিতে নিজেদের গানের ভিডিও প্রকাশের ব্যাপারটিও গুরুত্বের সঙ্গে দেখছেন শিল্পীরা।

এ বছর জ্যেষ্ঠ শিল্পীদের পাশাপাশি এই প্রজন্মের শিল্পীরাও গানের ভিডিও নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। তাঁদের কথায়, এগুলো তাঁদের পক্ষ থেকে ভক্ত-শ্রোতাদের জন্য ভালোবাসা দিবসের উপহার।
ভালোবাসা দিবস উপলক্ষে এবার দ্বৈত গানের অ্যালবাম প্রকাশ করেছেন কুমার বিশ্বজিৎ। সারাংশে তুমি শিরোনামের এই অ্যালবামের আটটি গান থেকে দুটির ভিডিও নির্মিত হয়েছে। ‘সুযোগ পেলে’ ও ‘আমার শেষ’ শিরোনামের গান দুটির ভিডিও নির্মাণ করেছেন আশিকুর রহমান।
সংগীতশিল্পী ফাহমিদা নবীর ভক্তরাও এবার দুটি গানের ভিডিও পেয়েছেন। ‘মেঘলা মন’ গানটি একাই গেয়েছেন তিনি। আর ‘সাদা কালো’ গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন শান। গান দুটির ভিডিও নির্মাণ করেছেন যথাক্রমে চন্দন রায় চৌধুরী ও লতা আচার্য।

ভালোবাসা দিবসের প্রথম প্রহরে ফেসবুক ও ইউটিউবে ‘কেন পড়ল চোখ’ গানটির ভিডিও প্রকাশ করেছেন বাপ্পা মজুমদার। এই গানের সুর-সংগীত পরিচালনা করেছেন বাপ্পা নিজেই। গানের ভিডিওতে রোমান্টিক মডেল জুটি ছাড়াও দেখা মিলবে ব্যান্ড ‘বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস’-এর উপস্থিতি।
সংগীতশিল্পী বালাম গেয়েছেন বিরহের গান। গত শনিবার ইউটিউবে এসেছে এর অংশবিশেষ। ‘কী জ্বালা’ গানটির ভিডিও তৈরি করেছেন তাপস ও মুন্নী।

নজরুলসংগীত ‘আবার ভালোবাসার সাধ জাগে’ গানটি নিয়ে শ্রোতাদের সামনে এসেছেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী কোনাল। নতুন সংগীতায়োজন রোকন ইমন ও নির্ঝর চৌধুরীর। ভিডিও নির্মাণে ছিলেন লতা আচার্য। শনিবার রাতে চ্যানেল আইতে গানটি মুক্তি পায়। এখন পাওয়া যাচ্ছে কোনালের ফেসবুক ফ্যানপেজ ও ইউটিউবেও।
এর বাইরেও আরও অনেক শিল্পী তাঁদের গানের ভিডিও নিয়ে শ্রোতাদের সঙ্গে থেকেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হাবিব ওয়াহিদের ‘তোমার আকাশ’, তপুর ‘ভালো আছি’, ডি রকস্টারখ্যাত শুভর ‘ভালোবাসার এই দিনে’, ইমরানের ‘ফিরে আসো না’, জয় শাহরিয়ার ও নাউমির ‘তোমার জন্য মন’, শোয়েব ও পূজার ‘অপেক্ষার প্রহর’ এবং শফিক তুহিন-টিনা মোস্তারীর ‘আদর আদর ভালোবাসা’।