গানে গানে মাতালেন শান্তনু বিশ্বাস

অনুষ্ঠানটির নাম ছিল ‘গানের ফেরিওয়ালা’। শান্তনু বিশ্বাসের গানের অনুষ্ঠান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বসে এই গানের আসর। হাটখোলা গ্যালারির আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই ছিল কথামালা। এতে অংশ নিয়ে অধ্যাপিকা ফেরদৌস আরা আলীম বলেন, ‘ছোটবেলা থেকে মনের আনন্দে গান গেয়ে বেড়ে ওঠা শান্তনু বিশ্বাস একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কনিষ্ঠ শিল্পী হিসেবে কণ্ঠে গান নিয়ে যুদ্ধে শামিল হন। তাঁর গানের ব্যতিক্রমী কথা ও অন্য ধারার সুর মন্ত্রমুগ্ধ করে রাখে শ্রোতাদের।’ আরও বক্তব্য দেন হাটখোলার সমন্বয়ক ইউসুফ মুহম্মদ।
কথামালা শেষে মঞ্চে আসেন শিল্পী শান্তনু বিশ্বাস। শিল্পীকে হাটখোলার পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। গানের শুরুতে কথার জাদুতে একরাশ মুগ্ধতা ছড়ান। বলেন, ‘গানের মধ্যে সময়টা ধরার চেষ্টা করি।’ অতঃপর গেয়ে শোনান ‘এই দেশ অনন্য/ সব তোমাদের জন্য’। একে একে গেয়ে শোনান ‘সুরে ঘুরে ঘুরে কাছে দূরে’, ‘সবারই শ্রেষ্ঠ সময় সবাই বলে ছোটবেলা’, ‘তারপর কেটে গেছে বহু বছর’, ‘আমার সকাল বেলার পাখি’ প্রভৃতি গান। প্রায় প্রতিটি গানেই শিল্পীর সঙ্গে গলা মেলান শ্রোতারা। শেষ করেন ‘কাঁঠালচাঁপার গন্ধে বিভোর বাতাস/ মাথার ওপর ছোট্ট একটা আকাশ’ গানটি দিয়ে।