গানে ফিরলেন নাউমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী নাউমি
সংগীতশিল্পী নাউমি

সংগীতশিল্পী নাউমি সর্বশেষ গান গেয়েছিলেন ‘মোস্ট ওয়েলকাম ২’ ছবিতে। এরপর মাঝে প্রায় এক বছর আর কোনো ছবিতে প্লেব্যাক করেননি এই সংগীতশিল্পী। মাঝের সময়টাতে শুধু প্লেব্যাকই নয়, একমাত্র করপোরেট শো ছাড়া সব ধরনের সংগীতের কাজ থেকেই বিরতি নিয়েছিলেন তিনি। সম্প্রতি আবারও গানে ফিরেছেন এই গানের তারকা। ছবির জন্য প্লেব্যাক থেকে শুরু গানের সব ধরনের অনুষ্ঠানেই অংশ নিতে শুরু করেছেন তিনি।

নাউমি এরই মধ্যে ‘কৃষ্ণপক্ষ’, ‘গুডমর্নিং লন্ডন’, ‘মৃত্যুপুরী’ ও ‘অচেনা হৃদয়’— এই চার ছবির মোট ছয়টি গানে প্লেব্যাক করেছেন। কিন্তু মাঝের এই বিরতি কেন? কি হয়েছিল? এমন প্রশ্নের জবাবে নাউমি জানান, দুটি কারণে এই দীর্ঘ সময় গান থেকে বিরতি নিয়েছিলেন তিনি।

বিরতির কারণ প্রসঙ্গে নাউমি বলেন, ‘মাঝে পড়ালেখা নিয়েই খুব ব্যস্ত ছিলাম। এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। এ ছাড়া, দীর্ঘদিন ধরে আমার নিজের গানের ভঙ্গিটা একইরকম হয়ে যাচ্ছিল। নিজের কাছেই মনে হচ্ছিল— গানের কোনো বৈচিত্র্য আসছে না।’


এদিকে, প্লেব্যাকের পাশাপাশি নিজের পরবর্তী একক অ্যালবাম নিয়েও কাজ শুরু করেছেন নাউমি। এই সংগীতশিল্পী জানিয়েছেন, সময় নিয়েই অ্যালবামের গানগুলো করছেন তিনি।

এ প্রসঙ্গে নাউমি বলেন, ‘অ্যালবামের গানগুলো ধরে ধরে করছি। অ্যালবামের জন্য করা একটি গান পছন্দ না হওয়াতে নয়বার রেকর্ডিং ভেঙে গানটি গেয়েছি।’

এদিকে, গানের পাশাপাশি মাছরাঙা টেলিভিশনে গানের একটি অনুষ্ঠানের উপস্থাপনাও করছেন নাউমি।