গানেই থিতু হচ্ছেন ইরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরিন জামান
ইরিন জামান

চলচ্চিত্রে তাঁর প্রথম নায়ক ছিলেন শাকিব খান। ‘অনন্ত ভালোবাসা’ নামের ছবিটির পর চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন ইরিন। শুরু হয় গান নিয়ে তাঁর ব্যস্ততা, নিয়মিত গানের চর্চা। অবশ্য প্রথম ছবি মুক্তির আগে ‘মধুরাত’ নামের একটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছিল তাঁর। সম্প্রতি নতুন আরেকটি গানের অ্যালবামের কাজ শুরু করেছেন ইরিন। সবকিছু মিলিয়ে বলা চলে—গানেই থিতু হচ্ছেন ইরিন।

নতুন এ অ্যালবামটি হবে ইরিনের ৪ নম্বর একক অ্যালবাম। এরই মধ্যে অ্যালবামের তিনটি গানের কাজ শেষ হয়েছে। গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করছেন এস আই টুটুল ও প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। নাম ঠিক না হওয়া নতুন এই অ্যালবামে আটটি গান থাকছে বলেই জানিয়েছেন ইরিন।

গত মঙ্গলবার সন্ধ্যায় রামপুরার বনশ্রীতে প্রীতম হাসানের সুর ও সংগীতে নতুন গানে কণ্ঠ দেন ইরিন। ‘মনে মনে’ শিরোনামের গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম। এ প্রসঙ্গে ইরিন বলেন, ‘বয়সে ছোট হলেও প্রীতম অনেক প্রতিভাবান। তাঁর সুর ও সংগীতে গাইতে পেরে ভালো লেগেছে। তা ছাড়া গানটির কথাও আমার ভালো লেগেছে।’

ইরিন আরও বলেন, ‘ছোটবেলায় নাচ করতাম। এরপর গানের প্রতি ভালো লাগা তৈরি হয়। ১৯৯৯ সালে চলচ্চিত্রে নাম লেখালেও পরে অনিয়মিত হয়ে পড়ি। গান আমার কাছে অনেক বেশি ভালো লাগার। এবারের অ্যালবামেও নিজের অনেকগুলো ভালো লাগার গান রাখছি।’
২০০৮ সালে প্রকাশিত হয় ইরিনের দ্বিতীয় একক অ্যালবাম ‘তোমায় দেখব ছুঁয়ে’। এ বছরের এপ্রিলে প্রকাশিত হয় তাঁর তৃতীয় একক অ্যালবাম ‘চাইলে তুমি’।