গানের অ্যালবাম নিয়ে ফিরেছেন নোলক

অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী নোলক বাবু। ২০০৫ সাল বিজয়ী হওয়ার পর অনিয়ন্ত্রিত জীবন-যাপন জন্ম দিয়েছিল নানান ঘটনার। সেসব কাটিয়ে, নিজেকে শুধরে নিয়ে আবার ফিরেছেন গানের জগতে। গতকাল সরাসরি গানও গেয়েছেন নোলক বাবুর আঁতুড়ঘর বলে পরিচিত এনটিভিতে। রাত সাড়ে এগারোটায় প্রচারিত ‘মিউজিক এন রিদম’ অনুষ্ঠানে দেখা গেছে তাঁকে।
আজ শুক্রবার সকালে কথা হলো এই শিল্পীর সঙ্গে। ব্যক্তিগত জীবন ছাপিয়ে বললেন গানের কথাই। কারণ, প্রায় মাস ছয়েক ধরে দেশে আছেন নোলক। তারও আগে বছর খানিক ছিলেন লন্ডনে। সেখানেও ব্যস্ততা ছিল গান নিয়েই।
নোলক বললেন, ‘লন্ডনে থাকার সময় দুটো অ্যালবামের কাজ করেছি। যার একটি এরই মধ্যে প্রকাশ পেয়েছ। আর দেশে এসেছে ব্যস্ততা বেড়েছে। সারা দেশে বিভিন্ন কনসার্ট ও টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নিচ্ছি। আসলে গান ছাড়া এখন কিছু ভাবছি না।’
জানালেন, আগামী ফেব্রুয়ারিতে প্রকাশ পাবে তাঁর অষ্টম একক অ্যালবাম ‘চান্দের আলো’। এরই মধ্যে কাজও গুছিয়ে এনেছেন। কথা শেষ করার আগে বললেন, ‘আমার ভাবনায় এখন শুধুই গান। সেটা আমার অসংখ্য ভক্তের জন্যই।’