গানের জগতে নতুন 'সেবা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চে বাঁ থেকে বাপ্পা, জালাল, জুয়েল, বালাম, কনা, সুমি, হাবিব, পিন্টু ও জোহাদ
মঞ্চে বাঁ থেকে বাপ্পা, জালাল, জুয়েল, বালাম, কনা, সুমি, হাবিব, পিন্টু ও জোহাদ

এক ছাদের নিচে বাংলাদেশের গানের ভুবনের একঝাঁক তারকা। গতকাল মঙ্গলবার সবাই এক হয়েছিলেন গানের জগতে নতুন এক সংগীতসেবার উদ্বোধন করতে। সেবাটির নাম ‘রবি ইয়োন্ডার মিউজিক সেবা’। অনুষ্ঠানে জানানো হয়, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির গ্রাহকেরা এই সেবার আওতায় দেশের প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীদের গানও উপভোগ করতে পারবেন। এ জন্য শুধু ডাউনলোড করতে হবে রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ এবং অ্যাপ ব্যবহারকারীদের মুঠোফোনে সচল থাকতে হবে ডেটা প্ল্যান। এর বাইরে এই অ্যাপ ব্যবহার করে নতুন-পুরোনো কোনো গান শুনতেই কোনো চার্জ লাগবে না।

দুই সংগীত তারকা জেমস ও আইয়ুব বাচ্চু
দুই সংগীত তারকা জেমস ও আইয়ুব বাচ্চু

গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রবি ও ইয়োন্ডার মিউজিকের কর্মকর্তাসহ দেশের সংগীতাঙ্গনের অনেক জনপ্রিয় তারকাও। এই প্ল্যাটফর্মটি শিল্পী ও গীতিকারদের মেধাস্বত্বের মর্যাদাও নিশ্চিত করবে বলে অনুষ্ঠানে জানানো হয়। অর্থাৎ অ্যাপটিতে যাঁদের গান যতবার শোনা হবে, তার ওপর ভিত্তি করে শিল্পী ও গীতিকারেরা পাবেন রয়্যালটি। রবি ও ইয়োন্ডার মিউজিক কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা।
সংগীতশিল্পী জেমস, আইয়ুব বাচ্চু, মাকসুদ, টিপু, হামিন আহমেদ, শাফিন আহমেদ, মানাম আহমেদ, তুহিন, জিয়া, সুমি, পিন্টু, অর্ণব, জোহাদ, সন্ধি, জালালসহ আরও অনেকে অনুষ্ঠানে যোগ দেন অতিথি হিসেবে। ছিল একটি নতুন গানের পরিবেশনাও। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে নেওয়া ‘বজ্রে তোমার বাজে বাঁশি’ গানটির নতুন সংগীতায়োজন করেছেন অর্ণব। এটি রবি ইয়োন্ডার মিউজিক সেবার উদ্বোধনী গান হিসেবে অনুষ্ঠানে পরিবেশিত হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, হাবিব, অর্ণব, এলিটা, কনা, চিরকুট, নেমেসিস, বালাম, হৃদয় খান, পান্থ কানাইসহ আরও কয়েকজন শিল্পী। তাঁদের মধ্যে অনেকেই উদ্বোধনী দিনে মঞ্চে উপস্থিত না থাকলেও তাঁদের সবাইকে নিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। সেই ভিডিওটিও উন্মোচিত হয় গতকালের অনুষ্ঠানে। সেই সঙ্গে রবি ইয়োন্ডার মিউজিক শুরুতেই চমক হিসেবে চিরকুট ও যুক্তরাষ্ট্রের গানের দল টোয়েন্টিফোর হোরাস-এর যৌথ পরিবেশনা যোগ করেছে তাদের সেবায়।