
‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’—গানটি বাংলায় করার সময় জন থর্প বললেন, ‘এবার সবাই আমার সঙ্গে গাইবেন।’ উপস্থিত কয়েকজন বলে উঠলেন, ‘আমরা যে জানি না।’ উত্তরে জন বললেন, ‘এ গান যদি না জানেন, তাহলে আমি বিশ্বাস করি না যে আপনারা বাঙালি।’
জন থর্প একজন রবীন্দ্রপ্রেমী মার্কিন নাগরিক। বাড়ি যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে। থাকেন রাজশাহীতে। রবীন্দ্রনাথ, নজরুল ও লালনের গান মূলভাব, ছন্দ, তাল, লয় ও অন্ত্যমিলসহযোগে ইংরেজিতে অনুবাদ করেন। বাংলার পাশাপাশি ইংরেজি অনুবাদ, স্বরলিপিসহ রবীন্দ্রনাথের গান নিয়ে তাঁর একটি বই বের হয়েছে। রাজশাহীতে গানের একটি স্কুল করেছেন, নাম দিয়েছেন ‘বরেন্দ্র মিউজিক্যাল আর্ট সেন্টার’। জনের সঙ্গে আছেন স্ত্রী জেন থর্প। তিনিও বাংলাদেশের মানুষের প্রেমে পড়ে গেছেন। বস্তির শিশুদের লেখাপড়ার জন্য খুলেছেন একটা স্কুল।
জন আমেরিকার মেইন ইউনিভার্সিটি থেকে সংগীতে মাস্টার্স করেছেন। বয়স ৬২। ১৯৮০ সালের শেষের দিকে তিনি বাংলাদেশে আসেন। এসেছিলেন দুই দেশের সংস্কৃতি বিনিময়ের একটি দায়িত্ব নিয়ে। এটা একটা এনজিওর কাজ। এ কাজ করতে এসে তিনি বাংলা ভাষা শেখেন। মুগ্ধ হন রবীন্দ্রনাথ, নজরুল ও লালন পাঠ করে। তাঁদের গান ও কবিতা তিনি ইংরেজিতে অনুবাদ করেন। তাঁর ভেতরে বাংলা সংস্কৃতি সম্পর্কে একটি উঁচু ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। প্রেমে পড়ে যান বাংলার। বিশেষত রবীন্দ্রনাথের গানের। তিনি ইংরেজি ও বাংলা—দুই ভাষাতেই রবীন্দ্রনাথের গান করেন।
বাংলার পাশাপাশি ইংরেজি অনুবাদ, স্বরলিপিসহ রবীন্দ্রনাথের ১০২টি গান নিয়ে শিক্ষাকল্যাণ ট্রাস্ট (গাজীপুর, বাংলাদেশ) তাঁর একটি বই প্রকাশ করেছে। বইটির প্রযোজনা করেছে বরেন্দ্র মিউজিক্যাল সেন্টার। বইয়ের নাম আনন্দেরই সাগর থেকে...ফ্রম আ জুবিলান্ট সি...।
সম্প্রতি রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকায় জন থর্পের বরেন্দ্র মিউজিক্যাল আর্ট সেন্টারে গিয়ে তাঁর সঙ্গে কথা হয়। একটি কক্ষের পুরোটাই সাজানো রয়েছে সংগীতের নানা উপকরণ দিয়ে। জন বললেন, বাংলাদেশ শুধু অভাবী মানুষের দেশ নয়, এখানে শুধু দুর্ভিক্ষ হয় না। এটি গানের দেশ, কবিতার দেশ। এ দেশের আছে উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য।
এনজিওর ওই কাজের সূত্রেই ২০১১ সালের শেষের দিকে রাজশাহীতে আসেন। সে সঙ্গে ব্যক্তিগত ভালো লাগা আর ভালোবাসার কাজের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা। ২০১২ সালের জানুয়ারি মাসে বরেন্দ্র মিউজিক্যাল আর্ট সেন্টার করা। এখানে কণ্ঠ ও যন্ত্রসংগীতের ওপরে তিনি ক্লাস নেন। যন্ত্রের মধ্যে রয়েছে পিয়ানো, িকবোর্ড, গিটার ইত্যাদি। এ ছাড়াও তিনি ওয়েস্টার্ন মিউজিক হিস্ট্রির ওপরে ক্লাস নেন। তবে এ থেকে হারমোনিয়াম-তবলা বাদ যায়নি। শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার সময় তিনি পশ্চিমা গানের পাশাপাশি বাংলা গানও করান। তার মধ্যে রবীন্দ্রসংগীতই বেশি। বললেন, ‘আমি দাবি করি না যে আমি রবীন্দ্রসংগীত শেখাই। এটা বাঙালিদের কাজ। বলতে পারি, এখানে রবীন্দ্রসংগীতের চর্চা হয়।’
জন থর্প বলেন, সংস্কৃতি বিনিময়ে এই কাজ করতে এসে তিনি তাঁর ব্যক্তিগত ভালোবাসার জায়গা থেকে গানের অনুবাদ করছেন। বই করছেন। তাঁর বইয়ে প্রকাশিত রবীন্দ্রনাথের গানগুলো তিনি নিজের কণ্ঠে মূল সুরে গেয়েছেন।
বরেন্দ্র মিউজিক্যাল সেন্টারে নিজেই পিয়ানো বাজিয়ে ইংরেজি ও বাংলায় বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত গেয়ে শোনালেন। এ সময় তাঁকে গিটারে সহযোগিতা করেন তাঁর ছাত্র শিহাব উদ্দিন। শিহাব উদ্দিন বললেন, ‘স্টাফ নোটেশন’ দিয়ে জন স্যার গিটার বাজানো শেখান। তিনি দুইটা কোর্স করেছেন। এখন সামনে একটা ‘নোটেশন’ থাকলে তিনি গানটি বাজাতে পারেন।
রাজশাহী আর্ট কলেজের শিক্ষক ইমরুল কায়েস জন থর্পের কাছে গিটারের ওপরে বেসিক এবং ইন্টারমিডিয়েট—দুটি কোর্স করেছেন। ইমরুল বলেন, তাঁরা ভুলে গেছেন সবার প্রিয় জন স্যার বাঙালি না বিদেশি।
জন থর্পের স্ত্রী জেন থর্পও থাকেন তাঁর সঙ্গেই। বস্তির বাচ্চাদের জন্য তিনি একটা স্কুল খুলেছেন। প্রথম দিকে খোলা মাঠে ক্লাস নিতেন এখন একটি ঘরের ব্যবস্থা হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশের বেশি।
জন দম্পতির তিন ছেলেমেয়ে আমেরিকায় থাকেন। বড় ছেলে আর্টিস্ট, মেয়েটা শিক্ষক, ছোট ছেলে প্রকৌশলী।
আলাপ শেষ হতে সন্ধ্যা উতরে গেল। জন থর্পও নিচে নেমে এলেন। বাইরে যাবেন। গাড়ি নেই। রিকশাও ডাকলেন না। বেরিয়ে পড়লেন নিজের বাইসাইকেলটা নিয়েই।