গানের পরীক্ষায় পাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যোতিকা জ্যোতি
জ্যোতিকা জ্যোতি

অভিনেত্রী নয়, ছোটবেলায় গানের শিল্পীই নাকি হতে চেয়েছিলেন জ্যোতিকা জ্যোতি। আর তাই তো গান শিখতে গিয়েছিলেন ময়মনসিংহ শিল্পকলা একাডেমিও। শুরুতে হোঁচটই খেতে হয়েছিল তাঁকে। সেদিন সিঁড়ি থেকে পড়ে পা মচকে যায় তাঁর। এরপর প্রাতিষ্ঠানিকভাবে আর গান শেখা হয়নি জ্যোতির। তবে মন থেকে গানের প্রতি আগ্রহ তাঁর একেবারে মুছে যায়নি। গানের প্রতি ভালোবাসাও বিন্দুমাত্র কমেনি। সম্প্রতি সে ভালোবাসার প্রতিদানও পেয়েছেন তিনি। গাইলেন চলচ্চিত্রের গান। তাও আবার একটি রবীন্দ্রসংগীত। আজ রোববার প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানালেন বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

জ্যোতিকা জ্যোতি
জ্যোতিকা জ্যোতি

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’ ছবিতে গান গেয়েছেন জ্যোতিকা জ্যোতি। এ ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। এ বছরের এপ্রিলে গানটিতে কণ্ঠ দেন জ্যোতি। ‘আজ জোছনা রাতে সবাই গেছে বনে’ গানটির সংগীতায়োজন করেছেন সানী জুবায়ের। রেকর্ডিং হয় রাজধানীর ইস্কাটনের ‘ড্রিম ডেস্ক’ স্টুডিওতে।
জ্যোতি বলেন, ‘গান না শিখলেও সুরের ওপর আমার ভালো দখল আছে বলেই মনে করি। আমার বিশ্বাস, আমি গান গাইতে পারব। অনেকের কাছ থেকে এও শুনেছি, লোকগান আমি ভালো গাইতে পারি। এদিকে ‘অনিল বাগচীর একদিন’ ছবির গানের পরিকল্পনা যখন হচ্ছিল তখন সবকিছু ভেবে আমি পরিচালক মোরশেদ ভাইকে (মোরশেদুল ইসলাম) গানটি গাইতে আমার ইচ্ছার কথা জানিয়েছিলাম। শুরুতে অবশ্য তিনি রাজি হননি। আবার আমার আগ্রহ দেখে পরে আর না করেননি। তারপর একদিন ‘ড্রিম ডেস্ক’ স্টুডিওতে গিয়ে গানটিতে কণ্ঠ দিয়ে এলাম। এরপরও কেন জানি মনে হচ্ছিল, গানটি আদৌ কী চলচ্চিত্রে ব্যবহার করা হবে? পরে একদিন শুটিংয়ে গিয়ে দেখলাম, আমার গানটিই বাজানো হচ্ছে! এটা যে কী আনন্দের ছিল তা বলে বোঝানো সম্ভব না। মনে হয়েছে, গানের পরীক্ষায় আমি পাশ করেছি।’
গানটি গাওয়ার প্রস্তুতি কেমন ছিল জানতে চাইলে জ্যোতি বলেন, ‘আমাকে যখন প্রাথমিকভাবে অনুমতি দেওয়া হলো, তখন আমি সানি জুবায়ের ভাইয়ের কাছ থেকে গান সম্পর্কে জানতে চেষ্টা করি। একটি হারমোনিয়ামও কিনি। উত্তরায় একজন ওস্তাদের কাছ টানা বেশ কয়েক দিন তালিমও নিই। তাঁর নাম খাজা মোহাম্মদ সলিমুল্লাহ। তিনি আমাকে গানটি ভালোভাবে গাওয়ার জন্য প্রয়োজনীয় তালিম দিয়েছিলেন। এখন যখন সবাই গানটির প্রশংসা করছে, তখন মনে হচ্ছে, সব পরিশ্রম সার্থক হয়েছে।’
‘অনিল বাগচীর একদিন’ জ্যোতিকা জ্যোতির ছয় নম্বর ছবি। এর আগে কবরীর ‘আয়না’, বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’, তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ ও ‘জীবনঢুলী’ এবং আবুল কালাম আজাদের ‘বেদেনী’ ছবিতে অভিনয় করেন তিনি। এর মধ্যে ‘বেদেনী’ এখন মুক্তি পায়নি। ‘অনিল বাগচীর একদিন’ প্রেক্ষাগৃহে আসবে আগামী ১১ ডিসেম্বর। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস।