গামা পালোয়ান নিয়ে সালমান-জনের দ্বন্দ্বযুদ্ধ!

ভারতের প্রখ্যাত কুস্তিগির গামা পালোয়ানকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করেছেন সালমান খান ও জন আব্রাহাম। তাঁরা একই বিষয়বস্তু নিয়ে আলাদা দুটি ছবি তৈরি করবেন। সালমান প্রযোজিত ছবিটি পরিচালনা করবেন পুনিত ঈশ্বর। আর জন প্রযোজিত ছবিটি পরিচালনা করবেন পারমিত শেঠি। ছবি দুটির মাধ্যমে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার জন্য রীতিমতো দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়ে গেছে সালমান ও জনের মধ্যে।
এর আগে সালমান অভিনীত গর্ব ছবি পরিচালনা করেছিলেন পুনিত। এবার সালমান প্রযোজিত নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন তিনি। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করবেন সালমানের ভাই বলিউডের অভিনেতা সোহেল খান। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে মুম্বাই মিরর।
জনকে টেক্কা দেওয়ার জন্য সালমান তাঁর ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছেন ডব্লিউডব্লিউএফ তারকা জন সিনা, ট্রিপল এইচ, কার্ট অ্যাঙ্গেল ও গোল্ডবার্গকে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া এই চার কুস্তিগিরকে অভিনয়ের প্রস্তাব দেন সালমান। এ ছাড়া গামা পালোয়ান চরিত্রের জন্য সোহেলকে প্রস্তুত করতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অলিম্পিক গেমসে অংশ নেওয়া সুশীল কুমারকে।
জন যাতে সহজে ছবির শিরোনাম খুঁজে না পান সম্ভবত সে কারণেই গামা পালোয়ানকে নিয়ে নির্মিতব্য ছবিটির জন্য একাধিক শিরোনাম প্রাথমিকভাবে ঠিক করেছেন সালমান। গামা, দ্য গ্রেট গামা, গামা দ্য লায়ন অব পাঞ্জাব, রুস্তম-ই-জামা গামা, পালোয়ান, ও দাঙ্গাল নামে ছবিটি মুক্তি দেওয়ার জন্য আবেদন করেছেন সালমান।
ছবির নাম ভূমিকায় অভিনয়ের খুবই ইচ্ছে ছিল সালমানের। কিন্তু স্বাস্থ্যগত সমস্যার কারণে ছবিটিতে সোহেল খানকে নেওয়ার পরিকল্পনা করেন তিনি। এ প্রসঙ্গে ছবির পরিচালক পুনিত জানিয়েছেন, গামা পালোয়ান চরিত্রে মানানসইভাবে নিজেকে তুলে ধরতে রীতিমতো নাওয়া খাওয়া ভুলে শরীরচর্চা করছেন সোহেল। বর্তমানে তাঁর শরীরের ওজন ৯১ কেজি। নভেম্বরে ছবিটির শুটিং শুরুর আগে তাঁকে আরও আট কেজি ওজন বাড়াতে হবে।
ছবির শুটিং হবে মুম্বাই, পাতিয়ালা ও লন্ডনে। ছবির কাহিনিতে গামা পালোয়ানের কবিতা প্রীতি এবং সংগীতশিল্পী বড়ে গুলাম আলী খাঁর সঙ্গে বন্ধুত্বের বিষয়গুলো তুলে ধরা হবে।