গায়ক আসিফের রথ দেখা ও কলা বেচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নাকি হাঁপিয়ে উঠেছেন সংগীতশিল্পী আসিফ আকবর! তাই কয়েকটা দিন নিজের মতো করে দূরে কোথাও থেকে ঘুরে আসতে চাইছেন তিনি। তা যেন প্রকৃতির কাছাকাছি কোথাও হয়। সে হিসেবে আসিফের পছন্দ রাঙামাটি। এ যাত্রায় আসিফের সঙ্গী তাঁর স্কুল আর কলেজ বন্ধুরা। রাঙামাটিতে বেড়ানো শেষে একটি গানের ভিডিওর শুটিংও করবেন আসিফ। ঈর্ষা শিরোনামের এই গানটি আসিফের ‘এক ফোঁটা অশ্রু’ অ্যালবামের। আর তাই এবারের রাঙামাটি যাওয়াকে রথ দেখা ও কলা বেচা বলতে চাইছেন তিনি। শনিবার ফিরবেন।

রাঙামাটির উদ্দেশে গতকাল বুধবার ঢাকা ছেড়ে কুমিল্লা গেছেন আসিফ। আজ কুমিল্ল থেকে রওনা করেছেন রাঙামাটির উদ্দেশে। প্রথম আলোকে আসিফ বলেন, ‘আমার নতুন অ্যালবামের কয়েকটি গানের ভিডিও নির্মাণের কাজ শুরু করেছি। এদিকে বেশ কিছুদিন ধরে ঢাকায়ও খুব অস্থির লাগছিল। মাঝে কিছুদিন অসুস্থও ছিলাম। সুস্থ হয়ে ভাবলাম দূরে কোথাও থেকে ঘুরে আসি। বন্ধুদের বিষয়টা জানালে তারাও একবাক্যে রাজি হয়ে গেল। আর আমি ভাবলাম, যেহেতু রাঙামাটি যাচ্ছি, বেড়ানো শেষে মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করে এলে মন্দ হয় না। সবকিছু মিলে যাওয়ায় রওনা হয়ে গেলাম।’
মাঝে বেশ কয়েক বছর অভিমানে সংগীতাঙ্গন থেকে দূরে সরে ছিলেন আসিফ আকবর। ‘এক্সপ্রেম’ অ্যালবামের মধ্য দিয়ে অডিও জগতে আবার ফেরেন অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী আসিফ। অডিও অ্যালবামের গানের পাশাপাশি আসিফ চলচ্চিত্রের গান এবং স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।