গিটার শেখালেন বাম্বলফুট

জনপ্রিয় হার্ডরক ব্যান্ড গানস এন রোজেসের সাবেক গিটারিস্ট রন ‘বাম্বলফুট’ থাল এখন ঢাকায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি এসেছিলেন এবিসি রেডিও এফএম ৮৯.২-এর কার্যালয়ে। সেখানে দেশের কয়েকজন তরুণ গিটারিস্টকে নিয়ে আয়োজন করা হয় ‘গিটার ক্লিনিক’। এই আয়োজনে বাম্বলফুট তরুণদের শেখান গিটারবাদনের কিছু কৌশল, গেয়ে শোনান গান আর জবাব দেন গিটার-বিষয়ক নানা ধরনের প্রশ্নের।
এবিসি রেডিও ও ‘দ্য রক প্রজেক্ট’-এর উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন বাম্বলফুট। গত বুধবার তিনি ঢাকায় এসে পৌঁছেন। গতকাল এবিসিতে গিটার ক্লিনিক শেষে মার্কিন এই শিল্পী অংশ নেন রেডিও অনুষ্ঠানেও। তবে ‘গিটার ক্লিনিক’-ই ছিল বাম্বলফুটের সবচেয়ে পছন্দের আয়োজন। প্রথম আলোকে তিনি বলেন, ‘হাজার হাজার মানুষের সামনে বাজানোর চেয়ে আমি এখাবে অল্প কয়েকজনের সঙ্গে বসে ছিমছাম পরিবেশে গিটার বাজাতে ভালোবাসি। তরুণদের গিটার শেখাতে ভালো লাগে আমার।’

এদিকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা ছুটে আসেন এবিসি রেডিওর কার্যালয়ে। স্বপ্নের গিটার কিংবদন্তিকে কাছে পেয়ে তাঁরাও আনন্দে আটখানা। বাম্বলফুটের দেখা পেয়ে আনন গাজী বললেন, ‘এমন সুযোগ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।’ আরেক সংগীতপ্রেমী নূর ই প্রতীক তাঁর অনুভূতি জানিয়ে বলেন, ‘আবার কবে এমন সুযোগ হয় জানি না, তবে তাঁর কাছ থেকে যা আজ শিখতে পেরেছি, সারা জীবন এ পাঠ আমাদের সঙ্গে থাকবে।’
বিকেল পাঁচটায় শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে গিটার ক্লাস। কী করে গিটারে আঙুল ছোঁয়াতে হবে, একজন মিউজিশিয়ানের অভিব্যক্তি কেমন হওয়া চাই, গিটারবাদনের ছোট ছোট টোটকা-মন খুলে বাম্বলফুট এদিন সব জানিয়ে যান বাংলাদেশের তরুণদের। গিটার ক্লাসের ফাঁকে ফাঁকে সবার অনুরোধের গানও শোনান তিনি, ছবি তোলেন ক্লাসে উপস্থিত সবার সঙ্গে।

তবে শুধু গিটার শিখিয়েই খান্ত হননি তিনি, নিজেও নাকি বাংলাদেশ থেকে এ দেশের মানুষের কাছ থেকে অনেক কিছু শিখে যাচ্ছেন।
আজ শুক্রবার বাম্বলফুট বাংলাদেশের কয়েকজন তরুণ শিল্পীর সঙ্গে গিটার বাজাবেন। অংশ নেবেন রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত ‘দ্য রক ফেস্ট-২০১৭’-এ। বেলা তিনটায় শুরু হওয়া এই কনসার্টে আরও অংশ নিচ্ছে বাংলাদেশি ব্যান্ড ওউন্ড, কার্নিভাল, মেকানিক্স। কনসার্টটি উৎসর্গ করা হচ্ছে সদ্য প্রয়াত মেকানিক্স ব্যান্ডের গিটারিস্ট জেহিন আহমেদকে। এই আয়োজন থেকে পাওয়া অর্থ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে দান করা হবে। কনসার্টে এবিসি রেডিও এফএম ৮৯.২ ও দ্য রক প্রজেক্টের সঙ্গে সহযোগিতায় আছে গেট এম্পড, মিউজিক অ্যাপ ‘গান’ ও বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফ্যান কমিউনিটি।