গিমা পুরস্কার পেলেন শ্রদ্ধা কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

গোল্ডেন ইন্ডিয়ান মিউজিক একাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসর থেকে বছরের সেরা তারকা সংগীতশিল্পীর পুরস্কার পেয়েছেন বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। গত বছর মুক্তি পাওয়া ‘এক ভিলেন’ ছবির ‘তেরি গোলিয়া’ গানে কণ্ঠ দিয়ে বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছিলেন শ্রদ্ধা। এবার আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে গিমা পুরস্কার পেলেন ২৫ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। গায়িকা হিসেবে এটিই তাঁর প্রথম পুরস্কার।
পুরস্কার নেওয়ার সময় শ্রদ্ধার সঙ্গে ছিলেন তাঁর মা শিবাঙ্গি কাপুর। পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত শ্রদ্ধা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘ধন্যবাদ গিমা। অভিনয়ের বাইরে গানের প্রতি আমার তীব্র ভালোবাসা রয়েছে। এই ভালোবাসার জন্য স্বীকৃতি পেয়ে অনেক ভালো লাগছে।’ শ্রদ্ধা আরও লিখেছেন, ‘স্বপ্নের কোনো সীমা নেই।’
‘রাগিনি এমএমএস ২’ ছবির জনপ্রিয় ‘বেবি ডল’ গানের জন্য সেরা প্লেব্যাক গায়িকার পুরস্কার ঘরে তুলেছেন কণিকা কাপুর। আর ‘সিটিলাইটস’ ছবির ‘মুসকুরানে’ গানের জন্য সেরা প্লেব্যাক গায়ক নির্বাচিত হয়েছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং। সেরা নবাগত সংগীতশিল্পী নির্বাচিত হয়েছেন আরমান মালিক, সুলতানা ও জ্যোতি নুরান। এক খবরে এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।
‘হায়দার’ ছবির ‘বিসমিল’ গান লিখে সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন ভারতের প্রখ্যাত কবি, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গুলজার। একই ছবির জন্য সেরা আবহ সংগীত বিভাগে পুরস্কৃত হয়েছেন বিশাল ভরদ্বাজ। ‘ইয়ারিয়া’ ছবির জন্য সেরা চলচ্চিত্রের গানের অ্যালবামের পুরস্কার দেওয়া হয়েছে বাঙালি বংশোদ্ভূত বলিউডের সংগীত পরিচালক ও গায়ক প্রিতম চক্রবর্তীকে।
‘হাজির ২’ অ্যালবামের জন্য সেরা গজল অ্যালবাম বিভাগে পুরস্কার পেয়েছেন সংগীতশিল্পী হরিহরণ ও প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। সেরা ভক্তিমূলক গানের অ্যালবাম নির্বাচিত হয়েছে শংকর মহাদেবানের ‘মাই ডিভোশনাল ফেবারিটস’। বছরের সবচেয়ে জনপ্রিয় গান নির্বাচিত হয়েছে ‘ইয়ারিয়া’ ছবিতে ইয়ো ইয়ো হানি সিংয়ের গাওয়া ‘সানি সানি’ গানটি।
সেরা ফিউশন অ্যালবাম বিভাগে পুরস্কৃত হয়েছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমান। ‘মুম্বাই ব্লুজ’ অ্যালবামের জন্য সেরা রক অ্যালবাম বিভাগে পুরস্কার পেয়েছেন মিহির যোশি। সেরা পপ অ্যালবাম বিভাগে পুরস্কৃত হয়েছেন পাপন অঙ্গরাগ। এ ছাড়া বিশ্বসংগীতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন।