গীতিকবির সম্মানে গানের সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী মাজহারুল আনোয়ার
গাজী মাজহারুল আনোয়ার

সবাই জানেন, দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’। যে গানটি দিয়ে এই স্টেশনের যাত্রা শুরু, সেই ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি লিখেছিলেন গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। এ বছর ৪৬ বছর পূর্ণ করল গানটি। এ উপলক্ষে স্বাধীনতার মাসে আজ শনিবার সম্মান জানানো হবে এই গীতিকবিকে। তাঁর সম্মানে তাঁর লেখা গান শোনাবেন সমকালীন তিন শিল্পী।
আজ বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বসবে তিন কন্যার ‘গানের সন্ধ্যা’। তাতে গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানগুলো গেয়ে শোনাবেন শিল্পী রুখসানা মুমতাজ, দিঠি আনোয়ার ও সাবিনা লাকী। আয়োজনটি নিয়ে শিল্পী রুখসানা মুমতাজ বললেন, ‘আমরা অনেক অভাগা; যে সময়টাতে বাংলা গান সমৃদ্ধ হয়েছে, তখন আমরা জন্মাইনি। তবে সৌভাগ্যের ব্যাপার হচ্ছে, যাঁরা সেই সময়ের সাক্ষী, আমরা এখন তাঁদের স্নেহ পাচ্ছি।’
গাজী মাজহারুল আনোয়ার এ পর্যন্ত লিখেছেন ১৫ হাজারের বেশি গান। বিবিসির জরিপে ২০টি শ্রেষ্ঠ বাংলা গানের প্রথম তিনটিই তাঁর লেখা। গানের সন্ধ্যায় গীতিকারকে সম্মাননা জানানোর এ আয়োজনে উপস্থিত থাকবেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী, শেখ সাদী খান, স্বাধীন বাংলা বেতারের শিল্পী তিমির নন্দীসহ অনেকে। আয়োজনটি করেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী।