গীতিনকশা নিয়ে কলকাতায়

গীতিনকশা ‘ইতিহাস কথা কও’ নিয়ে পশ্চিম বঙ্গের কলকাতায় যাচ্ছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। বৃহস্পতিবার মৌলালীর স্টেট ইয়ুথ সেন্টারে ‘দুই বাংলার মৈত্রীর সুরে’ অনুষ্ঠানে থাকবে এর পরিবেশনা।
মঙ্গলবার রাতে শিল্পীগোষ্ঠীর আঠারো সদস্যের একটি দল যাত্রা করছে ভারতের কলকাতায়। সেখানকার এসটিএম সাংস্কৃতিক দলের আমন্ত্রণে কলকাতার মৌলালীর স্টেট ইয়ুথ সেন্টারে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় একক সংগীত ও গীতিনকশা ‘ইতিহাস কথা কও’ পরিবেশন করবে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। একক সংগীত পরিবেশন করবেন অলক দাস গুপ্ত, রত্না সরকার, শ্রাবণী গুহ রায় ও নবনীতা জাইদ চৌধুরী। এ ছাড়া আবৃত্তি করবেন নায়লা তারান্নুম চৌধুরী। গীতিনকশাটি গ্রন্থনা করেছেন সংগঠক ও সংগীতশিল্পী মাহমুদ সেলিম, পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন শিল্পী অলক দাসগুপ্ত।
কলকাতায় সফররত দলটির নেতৃত্ব দিচ্ছেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী। তিনি জানান, শিল্পীগোষ্ঠীর সহসভাপতি নিগার চৌধুরীও দলের সঙ্গে যাচ্ছেন। বাংলাদেশ থেকে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ছাড়াও ওই অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুলসংগীত ও আধুনিক গান পরিবেশন করবেন সেখানকার শিল্পীরা। এ ছাড়া থাকবে সেখানকার সাঁওতাল নৃগোষ্ঠীর পরিবেশনা।
অনুষ্ঠান শেষে আগামী ২ অক্টোবর দেশে ফিরবেন তাঁরা। মানজার চৌধুরী বলেন, ‘দুই বছর ধরে কলকাতায় এ অনুষ্ঠানটি হয়ে আসছে। এবারের অনুষ্ঠানে আমরা নিয়ে যাচ্ছি ‘ইতিহাস কথা কও’ গীতিনকশা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর কেউ যখন প্রতিবাদ করতে পারছিল না, তখন এই গীতিনকশাটি তৈরি হয়। এতে আছে গাজীর কিস্সা, পুঁথি, বাইচের গানসহ নানা ধরনের গান।’