গুজব ছড়ানোয় মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনার্দো ডিক্যাপ্রিও-রিয়ান্না
লিওনার্দো ডিক্যাপ্রিও-রিয়ান্না

খবর সত্যি হলে এক কথা কিন্তু সে খবর যদি হয় বানোয়াট তার খেসারত দিতে দিতে জান জেরবারও হতে পারে। চলতি বছরের শুরুর দিকে রিয়ান্না ও লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমের খবর চাউর হয়েছিল। আর গত মাসে কান চলচ্চিত্র উৎসবের সময় ফরাসি এক ম্যাগাজিনের প্রচ্ছদ কাহিনিতে বলা হয়, রিয়ান্নার গর্ভে ডিক্যাপ্রিওর সন্তান। কিন্তু এ সন্তান চান না ডিক্যাপ্রিও। এত দিন চুপ থাকলেও, সম্প্রতি ম্যাগাজিনটির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন ডিক্যাপ্রিও। প্যারিসের একটি আদালতে মামলাটির বিচারকাজ শুরু হচ্ছে ১৬ জুন।
ডিক্যাপ্রিও ও রিয়ান্নাকে নিয়ে গত ১৩ মে মনগড়া কাহিনি প্রকাশ করে ফরাসি একটি গসিপ ম্যাগাজিন। সম্প্রতি ডিক্যাপ্রিওর পক্ষ থেকে ফরাসি একটি আদালতে ম্যাগাজিনটির বিরুদ্ধে মামলা করা হয়। ফরাসি আইন অনুযায়ী, ১৮ হাজার ইউরো জরিমানা গুনতে হতে পারে ম্যাগাজিনটিকে।
এ ছাড়া রিয়ান্না ও ডিক্যাপ্রিওকে নিয়ে প্রকাশিত প্রচ্ছদ কাহিনি প্রত্যাহার করা না হলে এবং ক্ষমা না চাইলে আরও ১০ হাজার ইউরো জরিমানা গুনতে হতে পারে ম্যাগাজিনটিকে। মামলার সমস্ত ব্যয়ও বহন করতে হবে ম্যাগাজিনটিকে। মামলার নথিপত্রে এমন আবেদনই করা হয়েছে ডিক্যাপ্রিওর পক্ষ থেকে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলিমেইল ডটকম।
এ বিষয়ে জানতে চাইলে ম্যাগাজিনটির কর্ণধার ফ্রেডেরিক ট্রুসকোলাস্কি বলেন, ‘রিয়ান্না অন্তঃসত্ত্বা কি না তা আমরা নিশ্চিত ছিলাম না। আমরা ধারণা করেছিলাম, তিনি অন্তঃসত্ত্বা।’ ফ্রেডেরিক আরও বলেন, ‘মামলায় আমাদের হারার সম্ভাবনাই বেশি। তবে আশা করব, জরিমানার অঙ্কটা যেন খুব বেশি না হয়।’ ডিক্যাপ্রিও মামলা করায় বিস্ময় প্রকাশ করে ফ্রেডরিক এও বলেন, ‘তাঁর মতো হলিউডের এত বড় একজন তারকা কেন এসব করছেন?’