গুরুতর অসুস্থ লাকী আখান্দকে বাইরে নেওয়ার প্রস্তুতি

অসংখ্য শ্রোতাপ্রিয় গানের সুরস্রষ্টা লাকী আখান্দকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়। লাকী আখান্দের বড় মেয়ে মাম মিনতী জানিয়েছেন, বর্তমানে এই সংগীতকার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন আছেন। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব তাঁকে ভারত কিংবা ব্যাংককে নেওয়া হবে।
আজ সোমবার প্রথম আলোর সঙ্গে আলাপে মাম মিনতী বলেন, ‘শুনেছি ছোটবেলা থেকেই বাবার এই শ্বাসকষ্টের সমস্যা। বয়স বাড়ার পরেও এই সমস্যা কমেনি বরং বেড়েছে। গত ১ সেপ্টেম্বর হঠাৎ করেই তাঁর এই শ্বাসকষ্টের সমস্যা প্রকট আকার ধারণ করে। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়।’
মিনতী বলেন, ‘বাবার এখন আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। দেশের বাইরে নিয়ে যাওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যত দ্রুত নিতে পারব ততই মঙ্গল।’
মিনতী এও বলেন, ‘শুধু শ্বাসকষ্টজনিত সমস্যা নয়, বাবার শরীরে আরও কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই সবার পরামর্শে দ্রুত তাঁকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। দেশবাসী সকলের কাছে বাবার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চাই।’
লাকী আখান্দ অসংখ্য বাংলা গানের অসাধারণ সব সুরের স্রষ্টা। ‘আমায় ডেক না’, ‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘কে বাঁশি বাজায় রে’ গানগুলোতে তার ছোঁয়া পাওয়া গেছে। এ ছাড়া, তাঁর সুর করা গান গেয়ে দেশের অনেক সংগীতশিল্পী সংগীতাঙ্গনে উঠে এসেছেন।