গুলজারের কথায়, ভূপিন্দর সিংয়ের সুরে মিতালীর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলজার ও ভূপিন্দর সিং
গুলজার ও ভূপিন্দর সিং

আটটি গানের এই সিডিতে গুলজারের কথায়, ভূপিন্দর সিংয়ের সুরে গান গেয়েছেন মিতালী সিং (তিনি মিতালী মুখার্জি নামেও পরিচিত), সোনু নিগম, রশিদ খান, বৈশাখী দেশাই দাভে, শিবাঙ্গী দেশাই ও আমনদীপ সিং। গজল, পাশ্চাত্য ও শাস্ত্রীয় সংগীত মিলেমিশে তৈরি হয়েছে দিল পীর হ্যায়। ভূপিন্দরপুত্র আমনদীপ এই অ্যালবামে গিটারও বাজিয়েছেন। সব মিলিয়ে নবীন-প্রবীণের এক অদ্ভুত মেলবন্ধন দিল পীর হ্যায়।

মিতালি সিং বলেন, ‘একজন শিল্পী হিসেবে মনে করি মিউজিক সীমাহীন। আর সেই জায়গা থেকে দিল পীর হ্যায়-এর জন্ম। আর গুলজার সাহেবের সঙ্গে আমার আর ভূপির এই সংগীতময় সফর সত্যি দুর্দান্ত। আমরা চার-পাঁচ বছরের মধ্যে চারটি অ্যালবাম করেছি।’ অ্যালবাম প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই সিডির অন্যতম গান “ক্যায়া ঢুনতা হ্যায়” ভূপি আগে সুর দিয়েছে, আর গুলজার সাহেব সঙ্গে সঙ্গে তার কথা লিখেছেন। অ্যালবামটি করতে গিয়ে ভূপির কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

গানের দল ভূমিতালের নামকরণ প্রসঙ্গে গুলজার বলেন, ‘এই নামটা আমারই দেওয়া। আমি হামেশাই নামকরণ করে থাকি। ভূপিন্দরের ভূ, মিতালীর মি এবং তাদের সন্তান নেহালকে তাল করে “ভূমিতাল” নামের জন্ম। আর সত্যি বলতে ভূপি আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমার অধিকাংশ নন-ফিল্মি গানের কম্পোজিশন ভূপিই করেছে।’