গুলাম আলীর দিল্লির অনুষ্ঠানও বাতিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গজলশিল্পী গুলাম আলী
গজলশিল্পী গুলাম আলী

কিছুদিন আগে মুম্বাইতে গজলশিল্পী গুলাম আলীর অনুষ্ঠানটি বাতিল হয়েছিল শিবসেনা হুমকির কারণে। সে অনুষ্ঠান বাতিলের পর এই নভেম্বরের আট তারিখে গুলাম আলীর একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল দিল্লিতে। জানা গেছে, দিল্লির অনুষ্ঠানটিও এবার বাতিল হয়েছে।
পাকিস্তানি কিংবদন্তি গজলশিল্পী গুলাম আলীকে আমন্ত্রণ জানিয়েছিল ভারতের দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি। এই কিংবদন্তি গজল গায়কের গানের অনুষ্ঠানটি করতে আম আদমি পার্টি ঘোষণা দিয়েছিল যে, অনুষ্ঠানটির যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে।
এ ছাড়াও, আম আদমি পার্টি জানিয়েছিল, অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে দলটি তাদের স্বেচ্ছাসেব​কদে​রও নিযুক্ত করবে।
এদিকে, অনুষ্ঠান বাতিলের পেছনের কারণ হিসেবে জানা গেছে, দিল্লিতে গুলাম আলীর এবারের এ অনুষ্ঠানটি বাতিল করেছেন স্বয়ং গুলাম আলী। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েই অনুষ্ঠানে অংশ নিতে তাঁর অপারগতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, প্রয়াত গজলশিল্পী জগজিৎ​ সিংয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এ বছরের অক্টোবর মাসে ভারতের পুনে এবং মুম্বাইতে পাকিস্তানি গজলশিল্পী গুলাম আলীর অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানটি শিবসেনা হুমকির ফলে নিরাপত্তাজনিত কারণে আর আয়োজন করা সম্ভব হয়নি। মুম্বাই এবং পুনের অনুষ্ঠান বাতিলের পর দিল্লির ক্ষমতায় বসা আম আদমি পার্টি গুলাম আলীকে দিল্লিতে অনুষ্ঠান করার আমন্ত্রণ জানিয়েছিল।

এবার সে অনুষ্ঠানটি ব্যক্তিগত কার​ণ দেখিয়ে বাতিল করলেন গুলাম আলী। এনডিটিভি।