গৃহবন্দী এসি/ডিসি'র ড্রামার ফিল রাড

আদালতের নির্দেশে আট মাস গৃহবন্দী থাকতে হবে জনপ্রিয় অস্ট্রেলীয় হার্ড রক ব্যান্ড এসি/ডিসি’র ড্রামার ফিল রাডকে। শুধু তাই নয়, এই আট মাস ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে থাকবেন তিনি। বাড়িতে অবৈধ মাদক রাখায় এবং এক কর্মচারীকে হত্যা হুমকি দেওয়ায় তাঁকে এই দণ্ড দিয়েছেন নিউজিল্যান্ডের একটি আদালত। সাজার শর্ত না মানলে এবং ভবিষ্যতে রক্ত পরীক্ষায় মাদকের অস্তিত্ব ধরা পড়লে কারাবন্দী করা হবে বলেও তাঁকে সতর্ক করেছেন বিচারক থমাস ইনগ্রাম।
১৯৭৩ সালে যাত্রা শুরু করে এসি/ডিসি। দুই বছর পর ব্যান্ডটিতে যোগ দেন ফিল। ১৯৮৩ সালে ব্যান্ড ছেড়ে দিয়ে নিউজিল্যান্ডে পাড়ি জমান। ১১ বছর পর আবার দলে ফেরেন। বর্তমানে নিউজিল্যান্ডে বসবাস করছেন ৬১ বছর বয়সী অস্ট্রেলীয় এ ড্রামার। সেখানে সাগরমুখী একটি বাড়িতে থাকেন তিনি। ওই বাড়িতেই আট মাস বন্দী থাকতে হবে তাঁকে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত বছর ফিলের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯১ গ্রাম গাঁজা ও .৪৭৮ গ্রাম মেথামফেটামিন খুঁজে পায় পুলিশ। এ ছাড়া গত বছরের আগস্টে মুক্তি পায় ফিলের প্রথম একক অ্যালবাম ‘হেড জব’। অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অব্যবস্থপানার অভিযোগে এক কর্মচারীকে ফোনে হত্যা হুমকি দেন ফিল। এ অপরাধে নভেম্বরে ফিলকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গত বছরের নভেম্বরে ১৫তম অ্যালবাম ‘রক অর বাস্ট’ প্রকাশ করে এসি/ডিসি। চলতি বছরের এপ্রিল থেকে ‘রক অর বাস্ট’ বিশ্ব সফর শুরু করেছে ব্যান্ডটি। এতে ফিলের স্থলাভিষিক্ত হয়েছেন ক্রিস স্লেড।
এসি/ডিসি’র ‘লেট দেয়ার বি রক’ গানের ভিডিও দেখতে ক্লিক করুন