গোল্ডেন কালেকশন নিয়ে শুভ্র দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভ্র দেব
শুভ্র দেব

সংগীতশিল্পী শুভ্র দেবের প্রথম একক গানের অ্যালবাম ‘হ্যামিলনের সেই বাঁশিওয়ালা’, প্রকাশিত হয় ১৯৮৪ সালে। গত বছরের শেষ দিকে প্রকাশিত হয় ‘জলছবি’ (২০১৪) অ্যালবামটি। সব মিলিয়ে এখন পর্যন্ত তাঁর ২৬টি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এবার সেই ২৬ একক থেকে বাছাই করা গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন শুভ্র দেব। নতুন সংগীতায়োজনে এই অ্যালবামের কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। শুভ্র দেব তাঁর এই সংকলিত অ্যালবামের নাম রেখেছেন গোল্ডেন কালেকশন-১ এবং গোল্ডেন কালেকশন-২। 

সিডি আকারে এবং ডিজিটালি দুই আকারে অ্যালবামটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শুভ্র দেব। বললেন, ‘শুরুতে পয়লা বৈশাখে অ্যালবামটি ছাড়ার পরিকল্পনা করেছিলাম। সেভাবেই সব প্রস্তুতিও ছিল। কিন্তু কৌশলগত কিছু কারণে আপাতত অ্যালবামটি প্রকাশে আরও কিছুদিন সময় নিচ্ছি।’ 

গোল্ডেন কালেকশন প্রকাশের কারণ প্রসঙ্গে শুভ্র দেব বললেন, ‘কয়েক বছর ধরে অনেকেই আমার আগের কাছে পুরোনো অ্যালবামের গানগুলো নতুনভাবে প্রকাশের অনুরোধ করে আসছিল। নানা সময়ে নতুন প্রজন্মের অনেকে আবার নতুন সাউন্ডে আমার পুরোনো গানগুলো শোনার আগ্রহ প্রকাশ করেছে। বেশিরভাগ মানুষের কাছ থেকে এ ধরনের প্রস্তাব পাওয়ার পর আমিও বিষয়টি নিয়ে আগ্রহী হই। ভাবলাম, বিষয়টি তো বেশ ইন্টারেস্টিং। তাই কাজটি শুরু করি। ভাবলাম পুরোনো সব জনপ্রিয় গানের একটা সংকলন হলে তো মন্দ হয় না।’ 

শুভ্র দেব এও বলেন, ‘নতুন সংগীতায়োজনে গানগুলো সবার ভালো লাগবে।’
গোল্ডেন কালেকশন অ্যালবাম প্রকল্পটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আজম বাবু। আর গানগুলোর নতুন সংগীতায়োজনে কাজ করেছেন জেকে, পঙ্কজ, রকেট মণ্ডল, রাজেশসহ আরও অনেকে।