গ্রামিতে গাইবেন টেইলর সুইফট

এই ফেব্রুয়ারির ২৫ তারিখে মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলেসে বসছে ৫৮তম ‘গ্রামি’ পুরস্কারের আসর। এক টুইটে ‘গ্রামি’র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, এবারের ‘গ্রামি’র আসরে গাইবেন একাধিক ‘গ্রামি’ বিজয়ী সংগীতশিল্পী টেইলর সুইফট। তাঁর একটি মঞ্চ পরিবেশনা থাকছে এবারের আসরে।
জনপ্রিয় সংগীতশিল্পী টেইলর সুইফট ‘অ্যালবাম অব দ্য ইয়ার’সহ মোট সাতটি বিভাগে ‘গ্রামি’ মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০১২ সালে তিনি সাতটি ‘গ্রামি’ পুরস্কার জিতেছিলেন। ‘গ্রামি’র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে যে টুইট বার্তাটি লেখা হয়েছে—তাতে বলা হয়েছে, ‘এটা সত্যি! ৫৮তম গ্রামির আসরে এক মঞ্চ পরিবেশনা নিয়ে ফিরছেন টেইলর সুইফট।’
এই পপসংগীত তারকা জন্মেছিলেন ১৯৮৯ সালের ১৩ ডিসেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়। মাত্র ১৪ বছর বয়সে টেইলর সুইফট গান গাওয়া শুরু করেছিলেন। বিগ মেশিন রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ২০০৩ সালে। সে সময় সর্বকনিষ্ঠ গীতিকার হিসেবে সনি মিউজিকের সঙ্গেও কাজ করেছেন তিনি।
সংগীতশিল্পী টেইলর সুইফটের প্রথম অ্যালবামটির নামও ছিল এই শিল্পীর নামেই। ‘টেইলর সুইফট’ শিরোনামের এই অ্যালবামের সবগুলো গানই ছিল ‘কান্ট্রি সং’ ধাঁচের। প্রথম অ্যালবামটিই এই সংগীতশিল্পীকে দ্রুত তারকাখ্যাতি এনে দিয়েছিল। পিটিআই।