গ্রামের মানুষদের সঙ্গে সময় কাটাবো

কতো শতো ব্যস্ততা তাঁর। শুধু কি গান? এখন তো দায়িত্ব বেড়ে গেছে আরও অনেক দিক থেকেই। সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ -এর ঈদটা তাই ব্যস্ততাকে সামাল দিয়েই কাটছে। অনেক কাজের ভিড়েও পরিবার, স্বজন ও কাছের মানুষদের সঙ্গে উৎসব মুহূর্ত উদযাপনের জন্য তিনি চলে গেছেন তাঁর নিজ গ্রামে। মাটির টানে তিনি আজ আছেন মানিকগঞ্জে নিজ বাড়িতে। ঈদের দিন মমতাজের সঙ্গে কথা হলো তাঁর ঈদ নিয়ে-
ঈদ মোবারক। দারুণ ব্যস্ত নিশ্চয়ই?
ঈদ মোবারক। তা তো কিছুটা ব্যস্তই। তবে এটাই তো স্বাভাবিক। ঈদ উৎসবে ব্যস্ততা থাকবেই।
কোথায় করছেন ঈদ?
আমার নিজ গ্রামে, পরিবারের সবার সঙ্গে। সকালে এসেছি। এখানেই কোরবানি হবে। সবাই একসঙ্গে কোরবানির সব আনুষ্ঠানিকতা পালন করব। পরিবারের সদস্যদের পাশাপাশি আজ গ্রামের মানুষদের সঙ্গেও কথা বলব, সময় কাটাব। বছরের এই সময়টাতেই তো তাঁদের সঙ্গে মন ভরে কথা বলা যায়, তাঁদের কথাগুলো শোনার সুযোগ হয়।
ফিরবেন কবে ঢাকায়?
আজ রাতেই ঢাকায় ফিরব।
তাহলে ঈদের একটা অংশ ঢাকাতেও পালন করতে পারবেন?
হ্যাঁ। কিন্তু গ্রামে যেভাবে ঈদকে উপভোগ করি শহরে তো তা আর হয় না। তবে শহরের উদ্যাপনের ধরণটা ভিন্ন। ঢাকায় অনেক বন্ধু-বান্ধব পরিচিতজনদের সঙ্গে দেখা করা আর আড্ডা দেওয়ার সুযোগ হয়। এটাও অনেক আনন্দের বিষয়। সারা বছর কাজের চাপে আড্ডার সুযোগই মেলে না।
তাহলে ঢাকার ঈদের অংশটুকু আড্ডা দিয়েই কাটবে?
না। সে সুযোগও কম। কারণ ঢাকায় ফিরেই কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে হবে। ঈদের আগের রাতে গাইলাম বাংলাভিশনে লাইভ। সেটা শেষ করেই বাড়ি এলাম ঈদ করতে। ঢাকায় ফিরে ঈদের তৃতীয়দিন (রোববার) এশিয়ান টিভির মিউজিক আওয়ার অনুষ্ঠানে সরাসরি গাইব।
এই ঈদের জন্য নতুন কোনো কাজ করেছেন?
তেমন বিশেষ কোনো কাজ নেই। তবে বেশ কয়েকটি ভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশ নিয়েছি। এর মধ্যে দুটো অনুষ্ঠান আজই দেখাবে। সন্ধ্যা সাতটায় বিটিভিতে দেখানো হবে ‘মমতাজের গান’ নামে একটি অনুষ্ঠান। সেখানে গানের উপস্থাপনার ঢং ভিন্ন ছিল। পালাগান করেছি এই অনুষ্ঠানে। এরপর এটিএন নিউজে ‘অন্তর বাজে’ নামের একটি বিশেষ আয়োজনেও গান থাকছে আমার। এই অনুষ্ঠানে আমার গ্রামের বাউলেরাও গাইবেন আমার সঙ্গে। কিন্তু মজার বিষয় হলো, তাঁরা থাকবেন মানিকগঞ্জ, আর আমি থাকব ঢাকায়! রাত সাড়ে ৯টায় শুরু হবে এই অনুষ্ঠান। এমনই আরও বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি ঈদ উপলক্ষে। তাছাড়া ঈদের জন্য নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। দুদিন আগেই বেশ তাড়াহুড়ো করে কাজটি শেষ করি, ঈদে প্রচারের জন্য। গানের পাশাপাশি আমাকে ওই বিজ্ঞাপনচিত্রে দেখাও যাবে।
ঈদে কোনো স্টেজ শোতে গাইছেন না?
কাতারে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু ওই আয়োজন পিছিয়ে গেছে। অক্টোবরের ৩০ তারিখে কাতারে যাব।
সাক্ষাৎকার: আদর রহমান