গ্র্যামিতে কেন নেই অ্যাডেলের নাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডেলে
অ্যাডেলে

রাজ্য জয় তাঁর আগেই শেষ। রেকর্ড বুকটা তাঁর দখলেই। এবার পালা স্বীকৃতির। তবে এ ক্ষেত্রে প্রথমেই হোঁচট খেয়েছেন সংগীতশিল্পী অ্যাডেলে। ২০১৬ গ্র্যামি অ্যাওয়ার্ডসের নমিনেশন প্রকাশ করা হয়েছে এই সোমবার। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে— কোনো বিভাগেই নাম নেই রাজ্য জয়ী ‘রাজকন্যা’ অ্যাডেলের। এমন বাঘা বাঘা রেকর্ডের কি কোনোই মূল্য নেই তবে! আর ঘোঁটটাই বা কে পাকাল? এমন ক্ষোভমিশ্রিত প্রশ্নে ভরে গেছে টুইটার, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। কেউ মানতে চাইছেন না কোনোমতেই।

এক ভক্ত অবশ্য লিখেছেন, ‘পরের বার পপসংগীত বিভাগের সব পুরস্কার ঘরে তুলবেন অ্যাডেলে।’ তিনিই বুঝতে পেরেছেন ব্যাপারটা। সময়টা নিয়েই যত বিপত্তি। গ্র্যামি অ্যাওয়ার্ডসের ওয়েবসাইটে নিয়মটা লেখা আছে এভাবেই, ‘৫৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে নমিনেশনের জন্য অ্যালবামটি অবশ্যই অক্টোবর ১,২০১৪ থেকে সেপ্টেম্বর ৩০,২০১৫ তারিখের মধ্যে প্রকাশিত হতে হবে।’

দুর্ভাগাই বটে অ্যাডেলে। ‘টুয়েন্টি ফাইভ’ অ্যালবাম প্রকাশের আগেই তাঁর ‘হ্যালো’ গানটি প্রকাশিত হয়। তবে কোনোটাই সেই বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে পড়েনি। আর তাই এই কারণেই এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসে শূন্য হাতেই খুশি থাকতে হচ্ছে এই ব্রিটিশ পপসংগীত তারকাকে।
সে যাই হোক, অ্যাডেলের ঘরের শোভা বাড়াচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ডসের ১০টি সোনালি মূর্তি। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে মনোনয়ন পাওয়া প্রতিটি বিভাগেই যে জয়ী হয়েছিলেন তিনি! ২০১৭ সালে সংখ্যাটা আরও বাড়বে বলেই সবাই আশাবাদী। বিলবোর্ড ম্যাগাজিন।