গ্র্যামিতে পাকিস্তানি শিল্পীর পুরস্কার
অস্কারের পর গ্র্যামিও ফিরল স্বাভাবিক মঞ্চে। দুই বছর পর জমকালো আনুষ্ঠানিকতা, অনেকগুলো পরিবেশনা আর বিপুলসংখ্যক শিল্পীর উপস্থিতিতে দেওয়া হলো বিশ্বসংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস।
গত রোববার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেনে গ্র্যামির ৬৪তম এ আসরে ২৬ বিভাগে ৮৬টি শাখায় দেওয়া হয় পুরস্কার। একাধিক শাখায় পুরস্কার জিতে নেন মার্কিন জ্যাজশিল্পী ও গীতিকার জন বাতিস্তে, তরুণ মার্কিন শিল্পী ও গীতিকার অলিভিয়া রড্রিগো এবং মার্কিন রিদম অ্যান্ড ব্লুজের দুই শিল্পীর দল সিল্ক সনিক। উই আর অ্যালবামের জন্য বাতিস্তে জিতেছেন অ্যালবাম অব দ্য ইয়ার, বেস্ট পপ সলো পারফরম্যান্স ‘ড্রাইভার্স লাইসেন্স’ ও সেরা নবীন শিল্পীর পুরস্কার জিতেছেন অলিভিয়া। সং অব দ্য ইয়ার ও রেকর্ড অব দ্য ইয়ার দুটি পুরস্কার জিতেছে সিল্ক সনিকের গান ‘লিভ দ্য ডোর ওপেন’।
এ আসরের সবচেয়ে বড় আকর্ষণ ছিল পরিবেশনা। একের পর এক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অ্যাওয়ার্ড অনুষ্ঠান। গানের দল বিটিএস, সিল্ক সনিক ছাড়াও গান করেন লেডি গাগা, জাস্টিন বিবার, ক্যারি আন্ডারউড, বিলি এইলিশরা। মনোনয়নের জন্য এ বছর ভোটারদের শুনতে হয়েছিল বহু গান। বহু বছর পর গ্র্যামিতে মনোনয়ন পায় বিখ্যাত গানের দল অ্যাবা, যদিও শেষ পর্যন্ত পুরস্কার জিততে পারেনি তারা। অন্যদিকে গ্লোবাল মিউজিক বিভাগে ‘মোহাব্বাত’ গানের জন্য পুরস্কার জিতে নেন পাকিস্তানের শিল্পী আরুজ আফতাব।
অস্কারের সপ্তাহখানেক পর আয়োজিত এ অনুষ্ঠানেও উইল স্মিথের চড়–কাণ্ডের ছায়া পড়েছিল। কমেডিয়ান নেইট বার্গাতজা পুরস্কার দিতে মঞ্চে এসেছিলেন হেলমেট পরে। এ যেন অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে চড় মারার রসজ্ঞ প্রতিবাদ।
মজা করেই তিনি বলেন, ‘মঞ্চে উঠতে হলে এখন কমেডিয়ানদের এসব পরেই উঠতে হবে।’ অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেনস্কির একটি ধারণকৃত বক্তৃতা বড় পর্দায় চালিয়ে শোনানো হয়। শক্তিশালী সেই বক্তব্যে তিনি বলেন, ‘যেকোনোভাবে আমাদের পক্ষে থাকুন। অন্তত সংগীতের মাধ্যমে নীরবতা ভেঙে দিন।’