
আদালতে বিচ্ছেদের আবেদনের পর থেকে খবরের শিরোনামে হলিউডের তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। প্রতিদিনই তাঁদের নিয়ে নতুন নতুন খবর আসছে গণমাধ্যমে। এবার জানা গেল, বিচ্ছেদের আবেদনে করা জোলির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন)। তারা খতিয়ে দেখবে, অভিনেতা ব্র্যাড পিট তাঁদের সন্তানদের সঙ্গে দুর্ব্যবহার কিংবা তাদের গায়ে হাত তুলেছিলেন কি না।
১৫ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ছয় সন্তান নিয়ে ব্র্যাড পিটের কাছ থেকে আলাদা থাকতে শুরু করেন অ্যাঞ্জেলিনা জোলি। তালাকের আবেদনপত্রে তাঁদের ‘সেপারেশন’-এর তারিখ লেখা হয় ১৫ সেপ্টেম্বর। জানা গেছে, ১৪ সেপ্টেম্বর একটি বিবাদের জের ধরেই এই বিচ্ছেদ। সেদিন ব্র্যাঞ্জেলিনা ছয় সন্তান নিয়ে ফ্রান্স থেকে উড়োজাহাজে করে তাঁদের যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ফিরছিলেন। তখনই মাঝ আকাশে জোলি ও পিটের মধ্যে ঝগড়া বাধে। পিপল ম্যাগাজিনকে ব্র্যাঞ্জেলিনার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ব্র্যাড সে সময় মদ্যপ অবস্থায় ছিলেন। বিবাদের একপর্যায়ে তিনি এক সন্তানের গায়ে হাত তোলেন। তবে ব্র্যাডের পক্ষ নিয়ে সেই সূত্রটি এও জানিয়েছে, ব্র্যাড কখনোই এমনটা করতে চাননি। কিন্তু পরিস্থিতি এমনভাবে বিগড়ে যায় যে সন্তানকে ওই বিবাদের বাইরে রাখতেই ব্র্যাড তাকে হাত দিয়ে পেছনে ঠেলে দিতে গিয়েছিলেন। কিন্তু সেটাই হয়ে উঠল ভিন্ন কিছু।
এদিকে এফবিআই পিপল ম্যাগাজিনকে নিশ্চিত করেছে যে তারা এ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্ত শেষে প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। এরপর আদালতই সিদ্ধান্ত নেবেন জোলি ও পিটের বিচ্ছেদ হবে কি না। হলে তাঁদের ছয় সন্তান কার কাছে থাকবে, কে নেবেন অভিভাবকত্ব ও আর্থিক ভরণপোষণের দায়িত্ব। পিপল।