ঘর বানানোর গান
লালনসাধক নজরুল ফকিরের জন্য ঘর বানাতে হবে কুষ্টিয়ায়। সে জন্য ঢাকায় বসবে তিন দিনের গানের আসর। ঘর বানানোর এই গান শুনতে ও গাইতে আসতে পারবেন যে কেউ।
আগামী বৃহস্পতিবার রাত আটটায় বনানীর ‘যাত্রা বিরতি’তে বসবে লোকগানের এই আসর। গাইবেন নজরুল ফকির ও তাঁর সঙ্গী আনু ফকির, বিধান ফকির, নুরু ফকির, নিশান ও পরান ফকির। গান চলবে রাত ১১টা পর্যন্ত।
এরই অংশ হিসেবে শুক্রবার রাত আটটা থেকে ইলেকট্রনিক ও অ্যাকুয়েস্টিক বাদ্যে গাইতে পারবেন যেকোনো শিল্পী এবং পরদিন শনিবার মাইক্রোফোন থাকবে উন্মুক্ত। যে কেউ গাইতে, বলতে বা আবৃত্তি করতে পারবেন সেই আসরে।
আয়োজক আনুশেহ আনাদিল বলেন, ‘মানুষ গানের জন্য অর্থ ব্যয় করতে ভুলে যাচ্ছে। কিন্তু শিল্পীদেরও খেয়ে-পরে বাঁচতে হয়। পৃথিবীর সব শিল্পী গানের জন্য সম্মানী পান, আমাদের দেশে পাবেন না কেন?’ লোকশিল্পীদের সাহায্যার্থে প্রায় প্রতি বৃহস্পতি থেকে শনিবার নিয়মিত এ ধরনের আয়োজন করে থাকে যাত্রা বিরতি।