ঘর ভাঙল জ্যানেটের?

মার্কিন সংগীতশিল্পী জ্যানেট জ্যাকসনের সংসারে ভাঙন দেখা দিয়েছে। এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর শোনা না গেলেও জ্যানেটের ঘনিষ্ঠজনেরা জানান, এ শিল্পী তাঁর স্বামী উইসসাম আল মানার সঙ্গে এখন আর থাকছেন না। সন্তান জন্মের তিন মাসের মাথায় দুজন আলাদাভাবে থাকতে শুরু করেছেন।
২০১২ সালে কাতারের ব্যবসায়ী উইসসাম আল মানাকে বিয়ে করেন জ্যানেট জ্যাকসন। গত জানুয়ারিতে এই পপ তারকা ৫০ বছর বয়সে প্রথম সন্তানের মা হন। তাঁদের নবজাতক ছেলের নাম রাখা হয় ইসা। বিচ্ছেদের কারণ হিসেবে জানা গেছে, অন্তঃসত্ত্বা জ্যানেটকে নাকি স্বামী উইসসাম অনেক বেশি নিয়ন্ত্রণে রাখতেন। এ কারণেই জ্যানেট একসময় লোকচক্ষুর অন্তরালে চলে যান। এমনকি নবজাতক ছেলে ইসার কোনো ছবি প্রকাশ করতেও বাধা দেন উইসসাম।
উইসসামকে বিয়ের পর থেকেই জীবনযাপনে অনেক পরিবর্তন আনেন জ্যানেট জ্যাকসন। ধর্মীয় অনুশাসন মেনে চলতে শুরু করেন। এড়িয়ে যেতে থাকেন বিভিন্ন জাঁকজমক হলিউড পার্টি। কিন্তু উইসসামের কঠোর নিয়মকানুনে বিরক্ত জ্যানেট সন্তান জন্মের পর থেকে নতুন সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিতে থাকেন। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই সূত্র জানিয়েছে জ্যানেট-উইসসামের আলাদা হওয়ার খবর। পিপল