ঘরমুখী মানুষের গল্প নিয়ে 'যাবো বাড়ি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলাল খান
বেলাল খান

ঈদে ঘরমুখী মানুষের গল্প গানে গানে বলবেন গায়ক ও সংগীত পরিচালক বেলাল খান। ‘যাবো বাড়ি’ শিরোনামের এই গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি। গাওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বেলাল।

বেলাল জানান, বাড়ি ফেরা নিয়ে মানুষের গল্পের শেষ নেই। একেকজনের গল্প একেক রকম, তবে আবেগটা ঠিক কাছাকাছি। উৎসবে গ্রামে থাকা মা-বাবা, আত্মীয়-পরিজনের কাছে ফেরার অভিজ্ঞতা সবারই আছে কমবেশি। অজস্র ঘাম ঝরিয়ে, ঝক্কি-ঝামেলা পেরিয়ে প্রিয় উঠোনে পা রাখতেই সব ক্লান্তি উধাও, কোথা থেকে যেন প্রশান্তির সুবাতাস বইতে শুরু করে। একইভাবে ছেলেবেলার চেনা গন্ধটাও এসে লাগে নাকে। ‘যাবো বাড়ি’ গানটিতে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন।

‘বাড়ি যাবো’ গানের ভিডিও বানিয়েছেন সৈকত নাসির। বেলাল খানসহ ৩৫ জন মডেল-শিল্পীকে নিয়ে তিনি এর দৃশ্য ধারণ করেছেন শায়েস্তাগঞ্জে। ঈদের আগেই প্রকাশিত হবে ‘বাড়ি ফেরা’ গানের ভিডিও।

‘যাবো বাড়ি’ ছাড়াও এবারের ঈদে বেলাল খানের আরেকটি গানের ভিডিও প্রকাশিত হবে। প্রেমের এই গানটি নেওয়া হয়েছে তাঁর সবশেষ একক অ্যালবাম ‘আর একটিবার’ থেকে। ‘একটি বিকেল’ শিরোনামের গানটির কথা লিখেছেন আবদুল কাদের। আর ভিডিওটি তৈরি করেছেন চন্দন রয় চৌধুরী। এতে মডেল হয়েছেন ইমরান খান ও সাবিনা (ভারত)।