ঘুমানোর আগে, জাগার পরে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদিতি মহসিন
অদিতি মহসিন

গান শুনে ঘুমাতে যাওয়া এবং ঘুম ভেঙে উঠে গান—গানের প্রতি বাঙালির টান এমনই। দর্শক-শ্রোতার সেই চাহিদাকে বেশ গুরুত্ব দিয়ে টেলিভিশন ও রেডিওগুলো থাকে তৎপর, থাকবে আগামীকাল রাতেও। শ্রোতাদের সরাসরি গান শোনাবেন রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন।
কাল বৃহস্পতিবার রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে রয়েছে গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’। অনুষ্ঠানের এই পর্বটি উৎসর্গ করা হয়েছে স্যামসন এইচ চৌধুরীকে। প্রয়াত এই শিল্পপতির পছন্দের কিছু গান গাইবেন শিল্পী অদিতি মহসিন। সঙ্গে থাকবে শ্রোতাদের পছন্দের কিছু রবীন্দ্রসংগীতও।
এ ছাড়া শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানেও সরাসরি গাইবেন অদিতি মহসিন। এত সকালে গান শুনতে কেউ ওঠেন? অদিতি বলেন, ‘একটি শ্রেণি অবশ্যই ওঠে। নয়তো ভোরবেলা গানের অনুষ্ঠান কি এত জনপ্রিয় হয়? তা ছাড়া গানে গানে সকাল শুরু হলে মানুষের সারাটা দিন ভালো কাটে।’ এই শিল্পী জানালেন, ভারতের কলকাতা থেকে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে তাঁর দুটি একক রবীন্দ্রসংগীতের অ্যালবাম।