চট্টগ্রামে গাইবেন নচিকেতা

এর আগে একাধিকবার গান গাইতে বাংলাদেশে এসেছেন নচিকেতা। বেশির ভাগ সময়ই ঢাকার শ্রোতাদের মুগ্ধ করেছেন তাঁর গান দিয়ে। কয়েকবার চট্টগ্রামে গিয়েও গান গেয়েছেন তিনি। এবার এই বন্দরনগরীতে আবারও গাইতে আসছেন ভারতীয় কণ্ঠশিল্পী নচিকেতা। ২৩ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘নচিকেতা লাইভ ইন চিটাগং’ নামের অনুষ্ঠানে গাইবেন তিনি।
কলকাতায় নচিকেতার সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি বলেন, ‘বাংলাদেশকে আমার নিজের দেশের মতোই আপন লাগে। বারবার যেতে ভালোই লাগে। তাই বাংলাদেশে কোনো আমন্ত্রণ পেলে সাধারণত “না” করি না।’
নচিকেতা বলেন, ‘অনুষ্ঠানটি হচ্ছে বছর শেষে। প্রতিবারের মতো এবারও চট্টগ্রামের শ্রোতাদের সামনে গান জমবে ভালো।’
অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার রিসমি আক্তার জানান, ২৩ ডিসেম্বর দুপুরে বাংলাদেশে আসবেন নচিকেতা। সেদিন সন্ধ্যা সাতটায় মঞ্চে উঠবেন তিনি। অনুষ্ঠানটি চলবে রাত ১০টা পর্যন্ত।