চমকে দিলেন সুইফট

ভক্তদের চমকে দিতে ভালোবাসেন টেলর সুইফট। হঠাৎ বিনা নোটিশে হাজির হয়ে যান কোনো ভক্তের বিয়ে, জন্মদিনের মতো উৎসবে। নিজেও কাউকে ডেকে পাঠান। তবে গত সোমবার যা করলেন, তাতে চমকের সঙ্গে মিশে থাকল আবেগও। এবার যে এই সংগীত তারকা হঠাৎ হাজির হয়েছিলেন তাঁর ৯৬ বছর বয়সী এক ভক্তের বাড়িতে!
সাইরাস পর্টার নামের সেই ভক্ত এরই মধ্যে সবচেয়ে বেশি বয়সী ‘সুইফটি’ নামে পরিচিতি পেয়ে গেছেন। টেলর ভক্তদের এ নামেই ডাকা হয়। পর্টারের নাতিপুতিই আছে ২০ জনের বেশি। এঁদেরও কজন সাক্ষী ছিলেন এই ‘ঐতিহাসিক’ মুহূর্তের। এঁদের একজন রবার্ট ফ্রে টুইট করেছেন, ‘এটা ছিল ক্রিসমাস বিস্ময়। ধন্যবাদ সুইফট। আমাদের দাদু যে কী ভীষণ খুশি হয়েছেন!’
সেই দাদুর উচ্ছ্বাসটা বোঝাই যাচ্ছিল এ কথায়, ‘আমি ওর দুটো কনসার্ট দেখেছি। ওর মতো মঞ্চে এত দুর্দান্ত আর কেউ করে না। আমি ভীষণ উপভোগ করেছি। আবারও ইচ্ছা আছে ওর কনসার্ট দেখার।’
এদিন অবশ্য পর্টারের বাড়িতেই ছোটখাটো কনসার্ট করলেন সুইফট। বেলা একটার দিকে কাউকে কিছু না বলে হঠাৎ গিয়ে হাজির হন সেই বাড়িতে। বাড়ির লোকজনের চোখমুখ দেখেই বোঝা গেছে, আকস্মিক এই অতিথিকে পেয়ে তাঁরা কতটা হতবাক। সুইফট পরে ছবি ও ভিডিও পোস্ট করেছেন এই ‘ঝোড়ো সফরে’র। ইয়াহু।