চমৎকার একটি ছবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিডনির বিমানবন্দরের বাইরে সুমন ও জেমস। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সিডনির বিমানবন্দরের বাইরে সুমন ও জেমস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

একই ছবিতে বাংলাদেশর ব্যান্ড সংগীতের দুই তারকা—জেমস আর সুমন। একজন আরেকজনকে জড়িয়ে ধরেছেন। একজন আরেকজনের কাঁধে হাত রেখেছেন। বাংলাদেশের ব্যান্ড তারকাদের এমন ছবি অনেক বছর দেখা যায়নি। অস্ট্রেলিয়ার সিডনির বিমানবন্দরে ছবিটি আজই তোলা হয়েছে। জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে সিডনিতে বিমানবন্দর থেকে বের হওয়ার পর এই দুই ব্যান্ড তারকাকে এভাবেই ক্যামেরাবন্দী করা হয়।

সিডনির লিভারপুলের হুইটলাম লেজার সেন্টারে ৪ নভেম্বর ‘বাংলাদেশ নাইট ২০১৭’ আয়োজনে অংশ নিচ্ছেন জেমস ও নগরবাউল, সুমন ও অর্থহীন, অনন্ত জলিল, ডিজে রাহাত, মুনমুন। অনুষ্ঠানটি আয়োজন করেছে লিসেন ফর। জানা গেছে, অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় বিকেল পাঁচটায়। শুরুতেই থাকবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। জেমস মঞ্চে উঠবেন রাত সাড়ে আটটায়। দেড় ঘণ্টা গান করবেন তিনি।

সিডনির বিমানবন্দরের বাইরে সবার সঙ্গে সুমন ও জেমস। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সিডনির বিমানবন্দরের বাইরে সবার সঙ্গে সুমন ও জেমস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চলচ্চিত্রের আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল আবার মঞ্চে আসছেন। ‘বাংলাদেশ নাইট ২০১৭’ অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। কিন্তু তিনি কী পারফর্ম করবেন? এই আয়োজনের অন্যতম আয়োজক ডিরকস্টার শুভ প্রথম আলোকে বলেন, ‘এ আয়োজনে অনন্ত জলিল অংশ নিচ্ছেন। এই চিত্রনায়কের পরামর্শ অনুযায়ী আমরা তাঁর জন্য আলাদা একটা সেগমেন্ট সাজিয়েছি। এখানে তাঁর সঙ্গে থাকব আমি আর মুনমুন। আশা করছি, অনুষ্ঠানে যাঁরা আসবেন, তাঁরা এই সেগমেন্টটি উপভোগ করবেন। আমরা তাঁকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছি। অনুষ্ঠানে তা দেখানো হবে।’

শরীরে অনেকগুলো অস্ত্রোপচারের পর আবার গান গাওয়ার স্বপ্ন দেখছেন জনপ্রিয় ব্যান্ড তারকা ও অর্থহীন ব্যান্ডের সুমন। সম্প্রতি তিনি জানিয়েছিলেন, তিনি সিডনি যাচ্ছেন। সেখানে কনসার্ট করবে অর্থহীন। বললেন, ‘যেহেতু আমি অর্থহীনের ভোকাল এবং বেস প্লেয়ার, তাই আমিও যাব।’ সুমন দীর্ঘদিন যাবৎ ক্যানসারসহ নানা জটিলতায় ভুগছেন। নিজের ওপর যথেষ্ট আস্থা সুমনের। এক মাস পর ফেসবুকে ফিরে এসে সম্প্রতি তিনি লিখেছেন, ‘এখনো মরি নাই।’