চলে গেলেন গীতিকার গোবিন্দ হালদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোবিন্দ হালদার
গোবিন্দ হালদার

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে কালজয়ী কয়েকটি গানের স্রষ্টা গোবিন্দ হালদার (৮৪) আর নেই। দীর্ঘ রোগভোগের পর আজ শনিবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত শনিবার ফের অসুস্থ হয়ে কলকাতার মানিকতলার জিতেন্দ্র নাথ রায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই গীতিকার। এর আগে গত ১৩ ডিসেম্বর কিডনির জটিলতা নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই সময় তাঁর খোঁজ নেওয়ার পাশাপাশি চিকিৎসার খরচ বহন করার ঘোষণা দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

পশ্চিমবঙ্গ সফরের সময় ২২ ডিসেম্বর রাতে গোবিন্দ হালদারকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ।

গত ৩১ ডিসেম্বর গোবিন্দ হালদারের স্ত্রীর হাতে চিকিৎসা খরচের অর্থ তুলে দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ।

অবিভক্ত যশোর জেলার বনগ্রামে জন্মেছিলেন গোবিন্দ হালদার। একমাত্র মেয়ে, জামাতা, স্ত্রীসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।


একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাঁরা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল’, ‘পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা’ ইত্যাদি কালজয়ী গানের রচয়িতা ও গীতিকার গোবিন্দ হালদার।

প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রখ্যাত গীতিকার ও সুরকার গোবিন্দ হালদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, খ্যাতিমান এই গীতিকারের মৃত্যুতে বাংলাদেশের মানুষ তাদের একজন অকৃত্রিম বন্ধুকে হারাল। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় প্রয়াত এ গীতিকারের লেখা ও সুরারোপিত গান যেমনিভাবে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করেছিল, তেমনি সে সময়ের অবরুদ্ধ দেশবাসীকেও মুক্তির প্রেরণায় উজ্জীবিত করেছিল। বাংলাদেশের মানুষ চিরদিন তাঁকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী গোবিন্দ হালদারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্য, ভক্ত ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।