চলে গেলেন চট্টগ্রামের সুরের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল গফুর হালী
আবদুল গফুর হালী

চট্টগ্রামের আঞ্চলিক, মাইজভান্ডারি ও মরমি গানের কবি ও সুরস্রষ্টা আবদুল গফুর হালী চলে গেলেন। রেখে গেলেন হাজার দেড়েক গান।
গতকাল বুধবার ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন আবদুল গফুর হালী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। উত্তরসূরি হিসেবে রেখে গেছেন দুই ছেলে ও দুই মেয়ে। আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর মাইজভান্ডার দরবার শরিফে তাঁর প্রথম জানাজা, মাগরিবের পর চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা ও কাল শুক্রবার জুমার পর পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ নিজ গ্রামে তৃতীয় ও শেষ জানাজার পর তাঁকে দাফন করা হবে পারিবারিক কবরখানায়।
আবদুল গফুর হালীর জন্ম ১৯২৯ সালের ৬ আগস্ট। ১৪ বছর বয়সে মাইজভান্ডার দরবার শরিফে যাতায়াতের পর থেকে শুরু হয় তাঁর গানের চর্চা। তাঁর লেখা বইগুলোর মধ্যে রয়েছে তত্ত্ববিধি, চট্টগ্রামের ভাষায় লেখা প্রথম নাটক গুলবাহার, জ্ঞানজ্যোতি, সুরের বন্ধন, স্বরলিপি, চাটগাঁইয়া গান শিকড়, চাটগাঁইয়া নাটক সমগ্র।
তাঁর বিখ্যাত গানগুলোর মধ্যে অন্যতম ‘আর কত দিন খেলবি খেলা মরণ কি তো হবে না’, ‘সোনাবন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা’, ‘চল যাই জিয়ারতে মোহছেন আউলিয়া’, ‘মনের বাগানে ফুটিলো ফুল’। তাঁর মাইজভান্ডারি গান অনূদিত হয়েছে জার্মান ভাষায়। ২০০৪ সালে তাঁকে নিয়ে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হানস হারডার প্রকাশ করেছেন গবেষণাগ্রন্থ ডার ফেরুকটে গফুর, স্প্রিখট (পাগলা গফুর)।