চলে গেলেন ফ্র্যাঙ্ক সিনাত্রা জুনিয়র

বুধবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করার কথা ছিল সংগীতশিল্পী ফ্র্যাঙ্ক সিনাত্রা জুনিয়রের। কিন্তু অনুষ্ঠানের আগেই হার্টঅ্যাটাকের কারণে মারা যান এই সংগীতশিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
ফ্লোরিডার পিবডি অডিটোরিয়ামে বুধবার রাতে সংগীত পরিবেশন করার কথা ছিল এই সংগীতশিল্পীর। কিন্তু শেষপর্যন্ত তাঁর ফ্লোরিডা সফর অসম্পূর্ণই রইল। চিকিৎসকেরাও চেষ্টা করেছিলেন। হাসপাতালে ভর্তির পর একটা সময় সেরে উঠছেন এমন আশাও জেগেছিল কারও কারও মনে। কিন্তু শেষপর্যন্ত আর ফিরতে পারলেন না তিনি।
গতকাল বুধবার ফ্লোরিডার পিবডি অডিটোরিয়ামে যে অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল ফ্র্যাঙ্ক সিনাত্রা জুনিয়রের। সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এই সংগীতশিল্পী। তাঁকে হাসপাতালে নেওয়ার সময় অনুষ্ঠান আয়োজকেরা ফেসবুকে তাঁর অসুস্থতার খবর প্রকাশ করে অনুষ্ঠান বাতিলের বিষয়টি সবাইকে জানান। আর এর বেশ কিছু সময় পরে এই সংগীতশিল্পীর মৃত্যুর খবরটি প্রকাশ করেন তাঁরা।
এদিকে ফ্র্যাঙ্ক সিনাত্রা জুনিয়রের বোন ন্যানসি সিনাত্রা ফেসবুকে তাঁর ভাইয়ের মৃত্যুসংবাদ জানিয়ে এক পোস্টে লিখেছেন, সিনাত্রা পরিবার শোকাহত এই পরিবারের সদস্য ফ্র্যাঙ্ক সিনাত্রা জুনিয়রের এই অসময়ে চলে যাওয়ায়। ন্যানসি তাঁর প্রয়াত ভাইকে উদ্দেশ করে লিখেছেন, ‘ঘুমাও ফ্র্যাঙ্কি’।
ফ্র্যাঙ্ক সিনাত্রা জুনিয়র সংগীতে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন কৈশোরেই। ১৯৮৮ সাল থেকে শুরু করে বাবা ফ্র্যাঙ্ক সিনাত্রার সংগীত অনুষ্ঠানে সঙ্গে থেকেছেন কনডাক্টর ও সংগীত পরিচালক হিসেবে।
উনিশ বছর বয়সে মুক্তিপণ চেয়ে অপহরণ করা হয়েছিল ফ্র্যাঙ্ক সিনাত্রা জুনিয়রকে। বাবা বিখ্যাত সংগীতশিল্পী ফ্র্যাঙ্ক সিনাত্রা ২ লাখ চল্লিশ হাজার ডলার মুক্তিপণ দিয়ে ফিরে পেয়েছিলেন তাঁর পুত্রকে। ফ্র্যাঙ্ক সিনাত্রার কারণেই সে সময় এই অপহরণের ঘটনা বিশ্বে তুমুল সাড়া ফেলে দিয়েছিল।
বিখ্যাত গায়কের ছেলে হিসেবে ফ্র্যাঙ্ক সিনাত্রা জুনিয়র বাবার পদাঙ্ক অনুসরণ করেই বেছে নিয়েছিলেন সংগীতকে। এগিয়ে গিয়েছিলেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সংগীতবিশ্বে। এনডিটিভি। পিটিআই।