চলে গেলেন ববি ক্রিস্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুইটনি হিউস্টনের সঙ্গে ববি ক্রিস্টিনা
হুইটনি হিউস্টনের সঙ্গে ববি ক্রিস্টিনা

সংগীত তারকা মা হুইটনি হিউস্টনের মতো ববি ক্রিস্টিনাও পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন। প্রায় ছয় মাস কোমায় থাকার পর গতকাল রোববার মাত্র ২২ বছর বয়সে মৃত্যুকে আলিঙ্গন করেন ববি।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি বেভারলি হিলটন হোটেলের একটি বাথটাব থেকে মার্কিন পপগায়িকা হুইটনি হিউস্টনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে বলা হয়, মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি কোকেন সেবন করেন। এরপর বাথটাবের পানিতে ডুবে মৃত্যুর কোলে ঢোলে পড়েন।
চলতি বছরের ৩১ জানুয়ারি ঠিক মায়ের মতো মৃত্যুর কোলে ঢলে পড়ার চেষ্টা করেন ববি ক্রিস্টিনা। সেদিন জর্জিয়ার আটলান্টায় নিজের বাড়ির বাথটাব থেকে অচেতন ববিকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই থেকে কোমায় ছিলেন তিনি। কৃত্রিম উপায়ে তাঁর শ্বাস-প্রশ্বাস চালানোর ব্যবস্থা করা হয়। কোমায় যাওয়ার পর থেকে একবারের জন্যও তাঁর জ্ঞান ফেরেনি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
ববির মৃত্যুর খবর জানিয়ে তাঁর পারিবারিক মুখপাত্র ক্রিস্টেন ফস্টার বলেন, ‘২৬ জুলাই চলে গেছেন ববি ক্রিস্টিনা। মৃত্যুর সময় তাঁকে ঘিরে ছিলেন তাঁর পরিবারের সদস্যেরা। গত কয়েক মাস ধরে অপরিসীম ভালোবাসা আর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাতে চাই আমরা।’
গত ৩১ জানুয়ারি হুইটনি হিউস্টন ও সংগীতশিল্পী ববি ব্রাউনের মেয়ে ববি ক্রিস্টিনাকে বাথটাবে অচেতন অবস্থায় পাওয়া যায়। ববির স্বামী নিক গর্ডন ও ববির এক বন্ধু পুলিশকে খবর দিয়েছিলেন। তাঁরা পুলিশকে জানান, ববির শ্বাস-প্রশ্বাস বন্ধ প্রায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত ববিকে নর্থ ফুলটন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আইসিইউতে রাখা হয় অচেতন ববিকে। সেই থেকে কোমায় ছিলেন তিনি।
এর আগে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি বেভারলি হিলটন হোটেলের একটি বাথটাব থেকে হুইটনি হিউস্টনের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। শুরুর দিকে তাঁর মৃত্যু নিয়ে অনেক রহস্যের সৃষ্টি হলেও পরবর্তী সময়ে তাঁর মৃত্যুকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়।
মৃত্যুর কারণ সম্পর্কে বলা হয়, কোকেন সেবনের ফলে তাঁর হৃৎযন্ত্র দুর্বল হয়ে পড়েছিল। হৃদরোগে ভুগছিলেন তিনি। মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি কোকেন সেবন করেন। এরপর বাথটাবের পানিতে ডুবে মৃত্যুর কোলে ঢোলে পড়েন ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’খ্যাত মার্কিন এই পপগায়িকা।