চলে গেলেন বিপ্লবী সুরকার মিকিস থিওডোরাকিস
চলে গেলেন গ্রিক সুরকার মিকিস থিওডোরাকিস। গত বৃহস্পতিবার হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অ্যাথেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯৬৪ সালের ‘জোরবা দ্য গ্রিক’ ছবিতে সংগীত পরিচালনা করে দুনিয়াজোড়া খ্যাতি অর্জন করেন তিনি।
শিল্পীর পরিবার এক লিখিত বিবৃতিতে জানায়, তাঁকে দেশেই সমাহিত করা হবে। থিওডোরাকিসের মৃত্যুতে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস।
গত শতকের ষাট ও সত্তর দশকে গ্রিসের কুখ্যাত সামরিক শাসকের বিরুদ্ধে কথা ও সুরে যুদ্ধ ঘোষণা করেছিলেন থিওডোরাকিস। এ কারণে তাঁকে নিষিদ্ধ ও কারাবন্দী করা হয়েছিল।
চলচ্চিত্রের আবহ সংগীতের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত মিকিস থিওডোরাকিস। ১৯৬৪ সালের ‘জোবরা দ্য গ্রিক’ তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অ্যান্থনি কুইন। এ ছাড়া ১৯৬৯ সালে ছবি ‘জেড’ এবং ১৯৭৩ সালে ‘সারপিকো’ ছবির সংগীত পরিচালক ছিলেন তিনি। ‘সারপিকো’ ছবিতে অভিনয় করেছেন আল পাচিনো, পরিচালনা করেছেন সিডনি লুমেট। কনস্তানতিন কস্তা গাভ্রাস, জুল দাশিনের একাধিক ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি।
নির্বাসিত গ্রিকরা থিওডোরাকিসের গান নিয়ে অদ্ভুত সব গল্প করতেন। একটা গল্প ছিল এ রকম—অ্যাথেন্সের এক পুলিশ একবার নিষিদ্ধ থিওডোরাকিসের গান গাইতে গাইতে দুলে দুলে হেঁটে যাচ্ছিল। দেখে বিস্মিত একজন তাকে বলেন, ‘অফিসার, আপনি থিওডোরাকিস গাইছেন!’ এরপর থিওডোরাকিসের গান শোনার দায়ে তাঁকে গ্রেপ্তার করে ওই পুলিশ!
১৯৬৭ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত হাজার হাজার রাজনৈতিক প্রতিপক্ষকে দমিয়ে রাখে গ্রিসের জান্তা সরকার। এ সময় বহু গ্রিকের কাছে প্রতিরোধের এক অন্য নাম হয়ে উঠেছিলেন থিওডোরাকিস। আদর্শগত কারণে যখন তাঁকে নিষিদ্ধ ও অবরুদ্ধ করা হয়, তখন তাঁর বিদ্রোহী গান জনগণকে তাদের হারানো স্বাধীনতার কথা মনে করিয়ে দিত। ১৯৭০ সালে দ্য নিউইয়র্ক টাইমসকে থিওডোরাকিস বলেছিলেন, ‘আমি দুটি শব্দের মধ্যে বাস করি, এক—পলিটিক্যাল, দুই—মিউজিক্যাল।’