চলে গেলেন ব্লুজ কিং

‘বিবি, যে কেউ হাজারটা নোট বাজাতে পারে। কিন্তু একটা নোটেই আপনি যত কথা বলতে পেরেছেন, তা আর কেউ পারবে না।’ গতকাল বাংলাদেশের রক সংগীতের অন্যতম পুরোধা আইয়ুব বাচ্চুর ফেসবুক স্ট্যাটাস।
শুধু বাচ্চু নন, এরিক ক্লাপটন থেকে স্টিভি রে ভন পর্যন্ত একটা গিটারিস্ট প্রজন্মকে অনুপ্রাণিত করা সেই বিবি কিং গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মারা গেছেন। এই ব্লুজ কিংবদন্তির বয়স হয়েছিল ৮৯ বছর।
নিজের নামকে সার্থক করে সংগীতজগতের রাজা হয়ে উঠেছিলেন কিং। ২০১১ সালে রোলিং স্টোন সাময়িকীর সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের তালিকায় ছিলেন এক নম্বরে। ১৯২৫ সালে মিসিসিপির এক বর্গাচাষি পরিবারে জন্ম নিয়েও অবিসংবাদিতভাবে সর্বকালের সেরা তিন গিটারিস্টের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন নিজেকে।
চল্লিশের দশকে আত্মপ্রকাশ করেছেন। অক্লান্তভাবে পারফর্ম করে গেছেন ২০১৫ সালেও। সত্তরের দশকে বছরে দুই শতাধিক শো করতেন। শোনা যায়, ১৯৫৬ সালে নাকি শো করেছিলেন ৩৪২টি!
সংগীতের মধ্যেই নিজের জীবনের স্পন্দন খুঁজে পাওয়া বিবি গত এপ্রিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন ডায়াবেটিসজনিত রোগে ভুগছিলেন। অবশেষে হার মানলেন মৃত্যুর কাছে। কিন্তু ব্রায়ান অ্যাডামস যেমন বলেছেন, ‘শিল্পীর মৃত্যু নেই। শিল্পী বেঁচে থাকে তাঁর সৃষ্টিতে।’ বিবি কিংও বেঁচে থাকবেন তাঁর সংগীতে। রয়টার্স, বিবিসি ও এএফপি।
আমরাও শোকাহত
মাকসুদ—তোমার সংগীতের জন্য ধন্যবাদ। ১৬ সেপ্টেম্বর তোমার সঙ্গে জন্মদিনটি ভাগ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।
লাবু রহমান—তিনি সত্যি আমার কাছে ‘কিং’ ছিলেন। তিনি আমার হৃদয়ে থাকবেন, আমার গিটারে থাকবেন...চিরকাল...
নকিব খান—ব্লুজ কিংবদন্তি বিবি কিং আর নেই...কিন্তু পুরো পৃথিবী তাঁকে তাঁর অসামান্য কাজের জন্য মনে রাখবে।
বাপ্পা মজুমদার—শান্তিতে থাকুন স্যার বিবি কিং
তাহসান—বিদায় বিবি কিং। এক রোমাঞ্চকর পারফরমারের প্রস্থান
ইরেশ যাকের—শান্তিতে থেকো বিবি কিং
জিবরান—ধন্যবাদ তোমার অসাধারণ সংগীতের জন্য
ফেসবুক থেকে নেওয়া