চলে গেলেন 'ফিফথ বিটল' স্যার জর্জ মার্টিন

দ্য বিটলস ব্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য ‘ফিফথ বিটল’ হিসেবে খ্যাতি ছিল তাঁর। এই দলের অনেক জনপ্রিয় গানসহ প্রায় ৭০০ গানের প্রযোজক তিনি। সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য ‘নাইটহুড’ পাওয়া সেই জর্জ মার্টিন আর নেই।
প্রযোজক স্যার জর্জ মার্টিনের মৃত্যু হয় গত মঙ্গলবার। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। এ খবর টুইটারে প্রথম জানান বিটলসের সদস্য রিঙ্গো স্টার। তিনি লিখেছেন, ‘স্যার জর্জকে আমরা খুব মিস করব। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন।’
কাঠমিস্ত্রির সন্তান জর্জ মার্টিনের জন্ম ১৯২৬ সালে উত্তর লন্ডনের হলোওয়েতে। ১৯৬২ সালে বিটলসের ডেমো টেপ শোনেন তিনি। পরে তাঁর পার্লাফোন রেকর্ড কোম্পানি বিটলসের সঙ্গে চুক্তি করে। এরপরের ঘটনা এখন ইতিহাস। ব্রিটিশ ব্যান্ড বিটলসের বিশ্বজোড়া খ্যাতির পেছনে স্যার জর্জের ভূমিকা অসামান্য।
জর্জ মার্টিন কয়েকটি গ্র্যামি অ্যাওয়ার্ড ও একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বলেছেন, স্যার জর্জ মার্টিন ছিলেন একজন বিরাট মাপের সংগীতজ্ঞ। বিটলসের সঙ্গে মিলে তিনি কালজয়ী কিছু গান সৃষ্টি করেছন।