চার বছর পর রাজীবের নতুন অ্যালবাম

ক্লোজআপ তারকা সংগীতশিল্পী রাজীব নতুন একক অ্যালবাম প্রকাশিত হলো চার বছর পর। রাজীবের নতুন এই একক অ্যালবামটির নাম ‘তোমার আমি’। গতকাল জি-সিরিজের ব্যানারে বাজারে এসেছে অ্যালবামটি।
‘তোমার আমি’ অ্যালবামটিতে রাজীবের গাওয়া গান আছে ৮টি। এই অ্যালবামের গানগুলো লিখেছেন স্যামুয়েল হক ও সুর করেছেন বুলবুল ললিতকলা একাডেমীর শিক্ষক ফয়সাল আহমেদ। অ্যালবামের গানগুলোর কম্পোজিশন করেছেন মেহেদী ও আমজাদ।
অ্যালবাম প্রসঙ্গে সংগীতশিল্পী রাজিব জানিয়েছেন, অ্যালবামটির গানের সংগীতায়োজন ভিন্ন এবং চমৎকার হয়েছে। তিনি বলেন, ‘অনেক ধরনের ইন্সট্রুমেন্ট আমরা ব্যবহার করেছি। একটা ভালো কাজ করতে পারলাম। এটা সম্ভব হয়েছে জি-সিরিজের কর্ণধার খালিদ ভাইয়ের সহযোগিতায়।’
রাজীব বলেন, তিনি গতানুগতিক ধারার বাইরে ভালো কাজ করার চেষ্টা করেছেন বলেই সম্ভব হয়েছে। এই ধরনের কাজে খরচ বেশি হয় বলে ইচ্ছা থাকলেও করা হয় না।
প্রথমবার আয়োজিত ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার আসরে তৃতীয় হয়েছিলেন রাজীব। ওই প্রতিযোগিতায় মৌলিক গানের শিল্পী হিসেবে অনেক প্রশংসিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক এ শিক্ষার্থী।
প্রসঙ্গত, রাজীবের সর্বশেষ একক অ্যালবাম একলা মানুষ প্রকাশিত হয়েছিল ২০১০ সালে। এর পর বিভিন্ন মিশ্র কিংবা দ্বৈত অ্যালবামে গান করলেও একক অ্যালবামের আসেনি।