চার শিল্পীর কণ্ঠে ভলিবলের থিম সং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনাল, জয় শাহ্‌রিয়ার, কিশোর, নিশিতা
কোনাল, জয় শাহ্‌রিয়ার, কিশোর, নিশিতা

নতুন প্রজন্মের চার কণ্ঠশিল্পী গাইলেন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের থিম সং। কিশোর, কোনাল, জয় শাহ্রিয়ার ও নিশিতা গাইলেন ‘নেটে বলে জমবে লড়াই লাল-সবুজের আঙিনায়/ আছি আমরা এক সাথে ভলিবলের এগিয়ে চলায়’ গানটি। সম্প্রতি মগবাজারে কিশোরের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন শিল্পীরা। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন কিশোর। এটি লিখেছেন সাইফ উদ্দিন ইমন।
উল্লেখ্য, ২৩ মে থেকে বাংলাদেশসহ নয়টি দেশের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট চলবে ২৮ মে পর্যন্ত। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতার জন্যই এ থিম সং তৈরি করা হয়েছে।
গানের শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক কিশোর বলেন, ‘এ ধরনের একটি বড় আসরের থিম সং তৈরির সঙ্গে যুক্ত থাকতে পেরে নিঃসন্দেহে ভালো লাগছে। গানটি তৈরির সময় তারুণ্যের উচ্ছ্বাসকে ফুটিয়ে তোলার ব্যাপারটির দিকে বেশি গুরুত্ব দিয়েছি। ছিল দেশের প্রতি ভালোবাসার ব্যাপারটিও।’
টুর্নামেন্টের উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানে শিল্পীরা সরাসরি মঞ্চে এ থিম সং গেয়ে শোনাবেন বলে জানান টুর্নামেন্টের আয়োজকেরা।