চিত্রনাট্য লিখলেন বন্যা

বাইশে শ্রাবণ সামনে রেখে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘একরাত্রি’ অবলম্বনে তৈরি হচ্ছে নাটক। এর চিত্রনাট্যকার রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ২২ শ্রাবণ (৬ আগস্ট) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে রাত আটটার সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
চিত্রনাট্য লেখা প্রসঙ্গে কথা হয় বন্যার সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, এর আগে কখনোই চিত্রনাট্য লেখেননি তিনি। এবার বাংলাদেশ টেলিভিশন থেকে ‘একরাত্রি’ গল্পটির চিত্রনাট্য লেখার অনুরোধ এলে তিনি তাতে রাজি হন।
একরাত্রি নাটকে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাদিয়া ও নাসিম। তা ছাড়া নাটকটিতে আরও দেখা যাবে আল মনসুর, খায়রুল আলম সবুজ ও শাহ আলম দুলালকে। এই নাটকের প্রযোজক শাহ জামান মিয়া। তিনি বলেন, গত শনিবার বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে শুরু হয়েছে নাটকটির শুটিং। দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে গতকাল। শাহ জামান মিয়া বলেন, ‘বন্যা আপা (রেজওয়ানা চৌধুরী বন্যা) “আমরা সবাই রাজা” নামে নিয়মিত একটি সাপ্তাহিক অনুষ্ঠান করেন বাংলাদেশ টেলিভিশনের জন্য। সেই সূত্র ধরেই তাঁর সঙ্গে এই নাটকটির চিত্রনাট্য রচনা নিয়ে আলাপ শুরু হয়। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন অর রশীদের অনুরোধে তিনি নাটকের জন্য চিত্রনাট্যটি লেখেন।’