চিরকুটে আর দেখা যাবে না পিন্টু ঘোষকে

১০ বছর ধরে চিরকুট ব্যান্ডের হয়ে দেশ-বিদেশের অনেক স্টেজ শোতে গাইতে দেখা গেছে পিন্টু ঘোষকে। এই সময়ে তাঁর উপস্থিতি ছিল টেলিভিশনের পর্দায়ও। এখন থেকে চিরকুট ব্যান্ডের হয়ে আর কোথাও দেখা যাবে না এই সদস্যকে। নিজেদের ফেসবুক পেজে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছে ব্যান্ডটি।
আজ বুধবার ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় চিরকুট ব্যান্ড জানিয়েছে, ‘পিন্টু ভাই আমাদের সঙ্গে আর কাজ করছেন না। উনি একক ক্যারিয়ার গড়তে চান। পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা তাতে শ্রদ্ধার সঙ্গে সম্মতি দিয়েছি। আমরা বিশ্বাস করি, এটাই শেষ না, চিরকুট-এ ফেরার পথ তাঁর জন্য সব সময় খোলা থাকবে। তিনি অসাধারণ একজন প্রতিভা। আমরা তাঁর সর্বাত্মক সাফল্য কামনা করি এবং আমরা অবশ্যই তাঁকে মিস করব।’
সবশেষে ব্যান্ডের ফেসবুক পেজে এ-ও লেখা হয়েছে, ‘চিরকুট আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে চলবে। যেমন কঠোর পরিশ্রমে চলেছে এত দিন। ভালোবেসে পাশে থাকলে খুশি হব।’
এদিকে বিষয়টি সম্পর্কে পিন্টু ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, ‘সংগীত নিয়ে যে স্বপ্ন আর পরিকল্পনা নিয়ে আমরা চিরকুট ব্যান্ডে যুক্ত হয়েছিলাম, তিন বছর ধরে তার মধ্যে কিছুটা ছন্দপতন ঘটে। তাই একটা পর্যায়ে আমি অনিয়মিত হয়ে পড়ি। এখন তো নিজের মতো করে সরে এসেছি। কিন্তু এই ব্যান্ডের সব সদস্যের সঙ্গে আমার ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা তাঁদের সবার সাফল্য কামনা করছি।’

২০০২ সালে চিরকুট ব্যান্ডের জন্ম। তিন বছরের মাথায় এই ব্যান্ডের সঙ্গে যুক্ত হন পিন্টু ঘোষ। ব্যান্ড গঠনের আট বছর পর তাঁদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকশিত হয়। এরপর বিদেশে বেশ কিছু আলোচিত কাজ করেছে এ দলটি।