চিরকুট ও লাতিন ব্যান্ডের 'অন্তরে বাহিরে' পুরস্কৃত

বাংলাদেশের গানের দল চিরকুট ও লাতিন আমেরিকার টোয়েন্টি ফোর আওয়ার্সের যৌথ প্রয়াস ‘অন্তরে বাহিরে’গানের কথা অনেকেই জানেন। দুই দেশের দুই ব্যান্ডের গাওয়া এ গানটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের অফিশিয়াল লাতিনো শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ভিডিও হিসেবে পুরস্কার অর্জন করেছে। পুরস্কার পাওয়ার খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী।
এদিকে অফিশিয়াল লাতিনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সেরা নাটক, সেরা তথ্যচিত্রসহ ২১টি বিভাগে তারা পুরস্কার দেয়।
সুমী বলেন, ‘অন্তরে বাহিরে’ গানটি প্রকাশের পরই টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যান্ডের পক্ষ থেকে লাতিনো শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে জমা দেওয়া হয় গানটির ভিডিও। কিন্তু এসবের কিছুই চিরকুট কর্তৃপক্ষকে জানানো হয়নি। পুরস্কার জেতার পর তারা এ খবরটি জানতে পারে। আর এ কারণেই পুরস্কারের ব্যাপারটি চিরকুট ব্যান্ডের সব সদস্যকে চমকে দেয়। সুমী আরও বলেন, ‘দারুণ এক অনুভূতি! এই পুরস্কার আমাদের নতুন উদ্যমে কাজ করার জন্য অনেক বড় এক অনুপ্রেরণা।’
এ বছরের শুরুর দিকে গানের দল চিরকুট যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে সাউথ বাই সাউথ-ওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) উৎসবে গান করতে যায়। কনসার্টের ফাঁকে সে সময়ই তাঁরা ‘অন্তরে বাহিরে’ গানটি ধারণ করেছিলেন। গানটির প্রযোজক হিসেবে কাজ করেছেন বিখ্যাত সংগীতশিল্পী জোহান অ্যালকোভার। সমন্বয়ক হিসেবে ছিলেন অ্যাঞ্জেল ডি সুজা। তিনি শাকিরা, কোল্ডপ্লে, মারুন ফাইভের সঙ্গে কাজ করেছেন।