চিরকুট করছে চলচ্চিত্রের আবহসংগীত

চলচ্চিত্রের আবহসংগীতের কাজ করল ব্যান্ড চিরকুট। আবু শাহেদ ইমনের জালালের গল্প ছবির আবহসংগীতের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই কাজটি শেষ করতে হয়েছে বলে জানান ব্যান্ডটির অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী। বললেন, ‘আমরা সব ধরনের মাধ্যমে কাজ করতে চাই। জালালের গল্প ছবির আবহসংগীতের কাজটিকে তারই প্রক্রিয়া বলা যেতে পারে।’
সুমী এও বলেন, ‘সিনেমা অনেক বড় একটি মাধ্যম। এই মাধ্যমে অনেক সূক্ষ্ম কাজ করতে হয়। ছবিটির কাজের জন্য যে পরিমাণ সময়ের দরকার ছিল, তা আমরা পাইনি। অল্প সময়ের মধ্যেই চেষ্টা করেছি কাজটি সুন্দরভাবে করার।’
এদিকে জালালের গল্প ছবিটি ছাড়া সামনেপদ্মপাতার জল ছবির আবহসংগীতের কাজও করবে চিরকুট। তন্ময় তানসেন পরিচালিত এই ছবিটির শুটিং এখনো চলছে। এ ছাড়া সম্প্রতি চিরকুট শেষ করেছে গিয়াসউদ্দীন সেলিম পরিচালিত বিউটিফুল বাংলাদেশ প্রামাণ্যচিত্রের আবহসংগীতের কাজ।